সিটি নিউজঃ হেফাজত ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ্ আহমদ শফী অসুস্থ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার (৮ জানুয়ারি) সকাল ১০টায় তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আল্লামা শফি’র অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ছেলে হাটহাজারী মাদ্রাসার সহকারি শিক্ষা পরিচালক মাওলানা আনাস মাদানী।
আনাস মাদানী জানান, হজমজনিত সমস্যায় ভোগছিলেন তার বাবা আল্লামা শাহ আহমদ শফী। আজ সকাল থেকে ডায়রিয়ার সঙ্গে বমি হওয়ায় তাকে চট্টগ্রামের সিএসসিআর নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আল্লামা আহমদ শফী বর্তমানে ডাক্তার ইব্রাহিমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। তার স্যালাইন চলছে বলে জানা গেছে। তবে আশঙ্কার কিছু নেই বলে জানান চিকিৎসকরা।
১০৩ বছর বয়সী আল্লামা আহমদ শফী বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন। হেফাজত ইসলাম বাংলাদেশের আমীরের সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।
