প্রবর্ত্তক কন্যা মিরা সিঙহ চলে গেলেন না ফেরার দেশে
সিটি নিউজঃ প্রবর্তক সংঘ (বাংলাদেশ) এর প্রাক্তন সাধারণ সম্পাদক আজীবন মানব সেবা ব্রতে উৎসর্গীকৃত প্রাণ চিরকুমারী শ্রদ্ধেয়া মীরা সিংহ গতকাল সোমবার দিবাগত রাত চার ঘটিকার সময় মৃত্যুবরণ করেন। বার্ধক্যজনিত অসুস্থতায় ৮২ বছর বয়সে প্রবর্তক সংঘের নব নির্মিত মৈত্রেয়ী ভবনে তাঁর কক্ষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রবর্তক সংঘের আদর্শে উজ্জীবিত তাঁর জীবনব্যাপী সেবাকর্মে নিয়োজিত থেকে তিনি সমাজে এক অনন্য উদাহরণ সৃষ্টি করে ত্যাগানুরাগে সমাজকে উজ্জীবিত করেছেন।
১৯৪৩ সালের সেই ঐতিহাসিক দুর্ভিক্ষের সময় তাঁর শৈশবকালে প্রবর্তক সংঘের দাদামনিরা তাঁকে সেই যে নিয়ে এলেন তাঁদের কর্মপ্রবাহে তিনি পুরোটা জীবন প্রবর্তকেই কাটালেন। সেদিনকার ১০/১১ জন শিশু নিয়ে প্রবর্তকের যাত্রায় আজ সামিল হয়েছে ৫৫০ জন আবাসিক ছাত্র-ছাত্রী। ১৯৩৭ সালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলাধীন বাথুয়া গ্রামের সিংহ বাড়ীতে জন্ম নেয়া এ মহীয়সী নারী ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামে বিধ্বস্ত ও নেতৃত্বহীন প্রবর্তক সংঘের অনাথ ছেলে মেয়েদের নিয়ে ত্রিপুরা শরনার্থী শিবিরে আশ্রয় নেন।
বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী দুর্বিসহ এক সময়ে তিনি সংঘ এবং প্রবর্তক বিদ্যাপীঠের হাল ধরেন। শিক্ষাগত যোগ্যতায় এম. এ. পাশ করার পরও সেবাব্রত ও মানবাধীকার চর্চার ক্ষেত্রে নিজেকে আরো দক্ষ করবার মানসে তিনি নরওয়ে বাংলাদেশ এসোসিয়েশনের বৃত্তি নিয়ে নরওয়ের রাজধানী অসলোতে প্রশিক্ষণ লাভ করেন।
প্রবর্তক সংঘ প্রাঙ্গণে এক শোক সমাবেশ প্রবর্তক সংঘের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হওয়ার পর স্থানীয় জে. এম. সেন হলে নাগরিক সমাবেশ এবং তৎপর শোভাযাত্রা সহকারে বলুয়ার দিঘী মহাশ্বশানে শেষকৃত্যানুষ্ঠান সমাপ্ত হয়। শোক প্রকাশ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে প্রবর্তক পরিচালনা পরিষদ, প্রবর্তক স্কুল এন্ড কলেজ, বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন, দি আর্বান কো-অপারেটিভ সোসাইটি, দি চিটাগাং এসোসিয়েশন, চট্টগ্রাম ব্রাহ্ম সমাজ, উদীচী শিল্পী গোষ্ঠী, শ্রী অরবিন্দ সোসাইটি, সমন্বয়ঃ রামকৃষ্ণ চর্চা ও প্রচারকেন্দ্র, অভ্যুদয় সাংস্কৃতিক গোষ্ঠী, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি, বাংলাদেশ জাসদ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, সারদাসংঘ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।
ইসকনের ভক্তবৃন্দ প্রার্থনা সভা পরিচালনা করেন এবং প্রবর্তকের শিশু শিল্পীরা সঙ্গীতাঞ্জলির মাধ্যমে তাঁকে শেষ বিদায় জানান। আগামী ৫ই ফেব্রুয়ারী বুধবার প্রবর্তক মাষ্টার দা সূর্যসেন মিলনায়তন প্রাঙ্গণে প্রয়াতের আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠিত হবে।
