দিদার মার্কেট টু সিএন্ডবি ব্রীজ এল এ চৌধুরী’র নামে নামকরণ
সিটি নিউজঃ দেওয়ানবাজার দিদার মার্কেট হতে সিএন্ডবি ব্রীজ পর্যন্ত লেইন সমাজসেবক ও শিক্ষানুরাগী মরহুম এল এ চৌধুরীর নামানুসারে ‘এল এ চৌধুরী সড়ক’ নামে উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।
সোমবার বিকেলে চসিক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সাংসদ বেগম সাবিহা মুসা, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম, অধ্যাপিকা হাসিনা জাকারিয়া, মরহুম এল এ চৌধুরীর সন্তান শহীদ মাহমুদ, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল রায়হান ।
উদ্বোধনকালে সিটি মেয়র বলেন, শহরে গুণি ও বরেন্য জনদের নামে সড়ক কিংবা কোন চত্বর করা হলে তাদের সর্ম্পকে সাধারণ মানুষ জানবে এবং তাদেরকে স্মরণ করবে।
মরহুম এল এ চৌধুরী শিক্ষানুরাগী, দানবীর, সমাজসেবক ও দক্ষ রাজনীতিবিদ মানুষ ছিলেন। তিনি বিভিন্ন শিক্ষা, সেবামূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠাসহ সমাজে বিভিন্ন ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। আজ এই গুণীকে আবারও শ্রদ্ধা ভরে স্মরণ করছি।
সমাজের গুণী মানুষদের আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এই উদ্যোগ।
