কামরুল ইসলাম দুলুঃ জাহাজ নিয়ে বাংলাদেশে আসা সেই ১৭ চীনা নাবিককে চীনের উদ্দেশে ফেরত পাঠাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো হয়েছে।
আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে তাদের মাইক্রোবাসে করে চট্টগ্রামের সীতাকুণ্ডে সোনাইছড়ি ইউনিয়নের লালবেগ সাগর উপকূল থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো হয়েছে।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, দূতাবাসের মাধ্যমে অনুমতি পাওয়ার পর তাদের নিজ দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।
উল্লেখ্য, গত ২০ জানুয়ারি ইউনি হারভেস্ট নামে ৯ হাজার মেট্রিক টন ওজনের একটি স্ক্র্যাপ জাহাজ চীনের উইফং বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়। জাহাজটি গত শনিবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার লালবেগ শিপব্রেকিং ইয়ার্ড নামে একটি জাহাজ ভাঙা কারখানায় ভেড়ান ওই ১৭ চীনা নাবিক।
জাহাজের মালিক আবুল হাশেম আবদুল্লাহ বলেন, স্ক্র্যাপ জাহাজটি বহির্নোঙরে আসার পর বন্দর কর্তৃপক্ষ চিকিৎসকদের মাধ্যমে ওই ১৭ নাবিকের স্বাস্থ্য পরীক্ষা করেন। স্বাস্থ্যপরীক্ষার পর জানানো হয়, নাবিকেরা করোনাভাইরাস আক্রান্ত নন।
তিনি আরও জানান, গত ১৪ দিনেও নাবিকদের করোনাভাইরাস ধরা না পড়ায় তারা সুস্থ বলে ধরে নেওয়া হয়। নাবিকদের শিপ কারখানা থেকে মাইক্রোবাসে করে শাহ আমানত বিমানবন্দরে পাঠানো হয়েছে। একটি বিমানে করে প্রথমে ব্যাংকক যাবেন তারা। এরপর চীনে পৌঁছাবেন।
