মনোনয়ন না পাওয়ায় ৩শ নেতাকর্মী নিযে যুবদল নেতার পদত্যাগ
সিটি নিউজঃ নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. এমদাদুল হক বাদশাহ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে দলের সমর্থন না পাওয়ায় ৩শ নেতাকর্মী নিয়ে পদত্যাগ করেছেন।
আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল চারটায় ১৭ নম্বর পশ্চিম বাকলিয়ায় সংবাদ সম্মেলন করে এ পদত্যাগের ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে মো. এমদাদুল হক বাদশাহ বলেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ১৭ নম্বর পশ্চিম বাকলিয়ায় কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন দেওয়া হয় একেএম আরিফুল ইসলামকে। দলে তার কোনো অবদান নেই। দীর্ঘদিন ধরে আমি রাজনীতি করতে গিয়ে আমার বিরুদ্ধে ৩৯টা মামলা দেওয়া হয়েছে। কয়েকবার জেল খেটেছি।
তিনি বলেন, দুর্দিনে দলের জন্য এতোকিছু করার পরও আমি কাউন্সিলর পদে সমর্থন পাইনি। তাই কোতোয়ালী, বাকলিয়া, চকবাজার থানার ছাত্রদল, যুবদল ও অঙ্গসংগঠনের ৩০০ নেতাকর্মী নিয়ে দল থেকে পদত্যাগ করছি।
সংবাদ সম্মেলনে পদত্যাগ করা ছাত্রদল ও যুবদলের উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন নগর যুবদলের সহ-সভাপতি মো. নাসির উদ্দিন চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, সহ-কোষাধ্যক্ষ মো. জিয়াউল হক মিন্টু, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. শেখ কামাল আলম ও সদস্য মো. সাব্বির ইসলাম ফারুক।
এছাড়া চকবাজার থানা ছাত্রদলের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর মোহাম্মদ সোহেল, সহ-সভাপতি মো. ফোরকান, যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন মাসুদ, সাধারণ সম্পাদক মো. সাদ্দামুল হক, সহ-সাধারণ সম্পাদক মো. রায়হান, ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সম্পাদক সফিউল বশর সাজু প্রমুখ।
নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, বাদশা দুর্দিনের কর্মী। দলে তার ত্যাগ রয়েছে। তবে বর্তমানে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তারও অবদান কম নয়। পদত্যাগ করা নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাসহ নেতাকর্মীদের সঙ্গে বসবো। তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
