স্পোর্টস ডেস্ক : লক্ষ্য মাত্র ১১৫। এই রান তাড়া করতে গিয়েই নাকানি-চুবানি খেয়েছে সালমা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ নারী দল। স্বাগতিক পাকিস্তান নারী দলের বোলিং তোপে পড়ে মাত্র ৮০ রান তুলতেই আটকে যায় সালমাদের ইনিংস। দুই ম্যাচ টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ নারী দলকে ৩৪ রানে হারিয়ে সিরিজ ২-০ তে জিতে নিয়েছে স্বাগতিকরা।
পাকিস্তান নারী দলের করা ১১৪ রানের জবাবে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৮০ রানেই আটকে যায় বাংলাদেশ নারী দল। ফলে ৩৪ রানের সহজ জয় দিয়ে সিরিজ ঘরে তুলে সানা মিরের দল।
বাংলাদেশ নারী দলের হয়ে রোমানা আহমেদ ৩৩ বলে ২৭ ও রিতু মনি ২৪ বলে ১৭ রান করলেও টি-২০ ফরম্যাটের সঙ্গে তা বড্ড বেমানান ছিল। এছাড়া লতা মণ্ডল ১০ বলে ১০ ও অধিনায়ক সালমা খাতুন ১৮ বলে করেন ১০ রান। আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি।
পাকিস্তানের নারী দলের হয়ে সুমাইয়া সিদ্দিকী ও নিদা দার ২টি করে উইকেট লাভ করেন। একটি উইকেট নেন সানা মির। বাংলাদেশ নারী দলের দুজন ব্যাটসম্যান রান আউটের শিকার হন।
এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুতে চাপে পড়েও বিসমাহ মারুফের দায়িত্বশীল ব্যাটিংয়ের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়তে সক্ষম হয় পাকিস্তান নারী দল। প্রথম ম্যাচে ৫৭ বলে ৬৫ রান করা বিসমাহ এদিন ৩৮ বলে ৪৪ রান করেন। মেরিনা ইকবালের ব্যাট থেকে আসে ৪১ বলে ৩৩ রান। ১৫ বলে ২০ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন আলিয়া রিয়াজ।
বাংলাদেশ নারী দলের হয়ে নাহিদা আক্তার ২টি উইকেট লাভ করেন। একটি করে উইকেট নেন সালমা খাতুন ও লতা মণ্ডল। নিদা দার ও আসমাভিয়া ইকবাল রান আউটের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন।
প্রসঙ্গত, প্রথম ম্যাচে ২৯ রানে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে পাকিস্তান নারী দল। দুই ম্যাচ টি-২০ সিরিজ পর বাংলাদেশ ও পাকিস্তান নারী দল দুই ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে।
বাংলাদেশ নারী ক্রিকেট দল: সালমা খাতুন (অধিনায়ক), জাহানারা আলম, ফারজানা হক পিঙ্কি, রুমানা আহমেদ, লতা মন্ডল, আয়েশা রহমান শুকতারা, শারমীন আক্তার সুপ্তা, ফাহিমা খাতুন, রিতু মণি, নিগার সুলতানা ও নাহিদা আক্তার।
পাকিস্তান নারী দল: সানা মির (অধিনায়ক), মেরিনা ইকবাল, জাভেরিয়া খান, বিসমাহ মারুফ, নিদা দার, ইরাম জাভেদ, আসমাভিয়া ইকবাল, আলিয়া রিয়াজ, রাবিয়া শাহ, সুমাইয়া সিদ্দিকী ও আনাম আমিন।
