প্রধানমন্ত্রীর মতামত নিয়ে বাংলাদেশ গেমসের সিদ্ধান্ত হবে

0

স্পোর্টস ডেস্কঃ বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস নির্ধারিত ১ থেকে ১০ এপ্রিল হবে কিনা সে সিদ্ধান্ত হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতামত নিয়ে।

আজ মঙ্গলবার (১০ মার্চ) গেমসের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভা শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি জাগো নিউজকে জানিয়েছেন, ‘সভায় দুই ধরনের মতামতই এসেছে। কারো কারো বক্তব্য ছিল এ অবস্থায় গেমস পিছিয়ে দেয়াই ভালো। কেউ কেউ বলেছেন নির্ধারিত সময়ে করে ফেলতে। এখন আমাদের সিদ্ধান্ত গেমসের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতামত নিয়ে যা করার তাই করবো।’

এ নিয়ে সময় নষ্ট করতে চান না ক্রীড়া প্রতিমন্ত্রী। জানালেন, আজ রাতেই প্রধানমন্ত্রীর কাছে যাবেন। ‘রাত ৭টা ৮টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যেতে পারি। এরপরই জানাতে পারবো গেমসের ভাগ্যে কি আছে।’

এটি বাংলাদেশ গেমসের নবম আসর। সর্বশেষ আসর বসেছিল ২০১৩ সালে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষ্যে এই গেমসের নাম দেয়া হয়েছে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস’। অনেক ফেডারেশন বাছাই প্রক্রিয়া শুরুও করেছে। কিন্তু দেশে ৩ জন করোনাভাইরাস রোগী সনাক্তের পর গেমস নির্ধারিত সময়ে হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.