ফ্রি কারিগরি প্রশিক্ষন ও আউট সোর্সিং এর সুবিধা বাড়াবঃ রেজাউল
সিটি নিউজঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, বিশাল জন গোষ্ঠী, ব্যাপক অর্থনৈতিক কর্মকান্ডে মুখর আমাদের চট্টগ্রাম মহানগরীতে নানামুখী সমস্যা রয়েছে। জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিকতায় যে উন্নয়নের মহাযজ্ঞ চলমান রয়েছে তার প্রভাবেও কিছু বিড়ম্বনা ও দুর্ভোগ নাগরিকদের পোহাতে হয়।
তিনি বলেন, নাগরিক স্বার্থে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আমি আন্দোলন সংগ্রাম করেছি। চাক্তাই খালসহ সংশ্লিষ্ট খাল গুলোর পানি প্রবাহ স্বাভাবিক ও পরিচ্ছন্ন রাখতে আমি সংগ্রাম কমিটি করেছি। গ্যাসের সমস্যা সমাধানে আমার আন্দোলন এখনো চলমান। মাদক, সন্ত্রাস, দুর্নীতি, অন্যায়, অত্যাচার, নৈরাজ্যের বিরুদ্ধে আমার কন্ঠ সব সময় সোচ্চার ছিল, আছে, থাকবে।
নগরীর পূর্ব মাদার বাড়ী, আলকরন ও ফিরিঙ্গী বাজার ওয়ার্ডে গনসংযোগ করেন আজ বুধবার।
আজ বুধবার (১৮ মার্চ) বেলা ২টায় পূর্ব মাদারবাড়ী থেকে তিনি গণসংযোগ শুরু করেন, আর শেষ করেন ফিরিঙ্গিবাজার ওয়ার্ড দিয়ে। এর আগে সকাল বেলায় তিনি চান্দগাঁও সিএন্ডবি ও বালুর টাল এলাকার স্থায়ী বাসিন্দা, ব্যাবসায়ী সংগঠন এবং নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।
তিনি বলেন, আমি যদি মেয়র নির্বাচিত হই তরুনদের ফ্রি কারগিরি শিক্ষা, যুবকদের ফ্রি ল্যান্সিং ও আউট সোর্সিং এর সুবিধা বৃদ্ধি করে বেকারমুক্ত নগরী গড়ে তুলব। অনেকেই বলে থাকেন, নগরীর জলাবদ্ধতা ও মশক নিয়ন্ত্রন অসম্ভব। সঠিক পরিকল্পনা, নিষ্ঠা ও আন্তরিকতা থাকলে যে কোন কল্যান কাজ করা সম্ভব। বিএনপি জামাত সব সময় নেতিবাচক কথা বলেছে। তারা পদ্মাসেতু নির্মানে অনেক বিরোধিতা করেছিল। দেশে বিদেশে ষড়যন্ত্র করে বিশ্ব ব্যাংকের তহবিল বন্ধ করে দিয়েছিল। আমার নেত্রী শেখ হাসিনা বলেছিলেন আমার দেশের টাকায় পদ্মা সেতু হবে। খালেদা বলেছিল নিজেদের টাকায় পদ্মা সেতুর একটি খুঁটিও বসানো যাবে না। আমার নেত্রী প্রমান করে দিয়েছেন যারা একটি দেশের স্বাধীনতা এনে দিয়েছে, তারাই জানে দেশকে ভালবাসতে, দেশকে গড়তে। পদ্মা সেতু আজ দৃশ্যমান।
জাতির জনক বঙ্গবন্ধু আমার আদর্শ, আমার নেত্রী শেখ হাসিনা আমার প্রেরণা। আপনারা যদি আমাকে ভোট দেন, আমি যদি মেয়র নির্বাচিত হই আমিও প্রমান করে দিতে চাই কিভাবে বিজ্ঞান ভিত্তিক প্রচেষ্টায় একটি মাদকমুক্ত, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত, দখলদারমুক্ত, বেকারমুক্ত, যনজটমুক্ত, জলাবদ্ধতামুক্ত মশকমুক্ত, পরিবেশ বান্ধব শান্তি ও সমৃদ্ধির নগর গড়ে তোলা যায়।
তিনি আরো বলেন, এখানে সকল সম্প্রদায়ের মানুষ নিরাপদ ও শান্তিতে বসবাস করবে। সকল ধর্মের অনুসারিরা তাদের নিজেদের মত করে নিজেদের ধর্ম কর্ম করেবে। এখানে হোল্ডিং টেক্স এর আতঙ্ক থাকবেনা। কর্পোরেশনের সকল প্রকার ট্যাক্স ফি সহনীয় পর্যায়ে রাখা হবে।
সর্বশ্রেনীর নাগরিকের মতামতের শক্তিকে আমি কাজে লাগাব। সবাইকে উন্নয়ন কাজে সম্পৃক্ত করে সবার কাছে এর সুফল পৌঁছে দেব।
চট্টগ্রাম সৃষ্টিকর্তার একটি অনন্য উপহার। একটি সুন্দর, সমৃদ্ধ নগর গড়ার সকল উপাদানই এখানে সৃষ্টিকর্তা উজার করে দিয়েছেন। আমাদেরকে সচেতনতার সাথে এর সদব্যাবহার করতে হবে। বিশ্বের অনেক শহর আমি দেখেছি। আমাদের চট্টগ্রামের মত প্রাকৃতিক সৌন্দর্য্য ও সুযোগ আর কোথাও দেখিনি। আপনাদের ভোট ও সৃষ্টিকর্তা যদি কামিয়াব করে, আমি মেয়র হলে আমার নেত্রীর চট্টগ্রামের প্রতি ঐকান্তিকতাকে কাজে লাগিয়ে চট্টগ্রামকে বিশ্বের অন্যতম আকর্ষনীয় ও গুরুত্বপূর্ণ শহরে পরিনত করব।
এসময় তিনি নির্বাচনে ভোট প্রদান দেশ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, আওয়ামী লীগ কথার বরখেলাপ করেনা। আমি রেজাউল করিম যা বলি তাই করি। যা আমি করতে পারবনা, তা আমি বলিনা। যারা আন্দোলনের নামে বোমাবাজি করে, মানুষ পুড়িয়ে মারে, কথা দিয়ে কথা দিয়ে কথা রাখেনা তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে ভোট কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দেয়ার আহবান জানান তিনি।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুখ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান, নগর আওয়ামী লীগ নেতা জামশেদুল আলম চৌধুরী, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক সুমন, সাবেক ছাত্রনেতা খলিলুর রহমান নাহিদ, আজিজুর রহমান, রাহুল বড়ুয়া সহ সংশ্লিষ্ট ওয়ার্ডের নেতাকর্মী গনসংযোগে অংশ নেন।
