দুর্দিনে মানুষের পাশে থাকা আমার রাজনৈতিক অংগীকারঃ রেজাউল করিম
সিটি নিউজঃ করোনায় ঘরে আটকে পরা নগরীর খেটে খাওয়া মানুষের জন্য নিজ উদ্যোগে খাদ্য সহায়তা প্রদানের ধারাবাহিকতায় আজ মঙ্গলবার উত্তর কাট্টলীর নেতৃবৃন্দের কাছে খাদ্যসামগ্রী হস্তান্তর করেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দকে তিনি বলেন, মানুষের ভাল মন্দ দেখভাল করা আমাদের রাজনৈতিক দায়িত্ব। যে কোন মূল্যে বিশ্বব্যাপী ছড়িয়ে পরা করালগ্রাসী করোনা ভাইরাস থেকে দেশের মানুষকে মুক্ত রাখতে সরকারের গৃহিত পদক্ষেপ বাস্তবায়ন করতে হবে। আমরা যদি চাই আমাদের অবস্থা ইটালী, স্পেন, ফ্রান্স, আমেরিকার মত ভয়াবহ হয়ে না উঠুক তবে আমাদেরকে অবশ্যই সামাজিক দুরত্বের কৌশলকে কঠোরভাবে মানতে হবে।
যেখানে প্রয়োজন হবে সেখানেই বেচে থাকার মত খাদ্য সহায়তা পৌঁছে দিতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সুস্পষ্ট সরকারী নির্দেশনা রয়েছে। আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি, আওয়ামী লীগ এর কর্মী।
আমার নেত্রী শেখ হাসিনার ঘরে ঘরে খাদ্য পৌঁছে দেয়ার নির্দেশনা বাস্তবায়ন আমার রাজনৈতিক অঙ্গীকার। তাই সরকারী সহায়তার পাশাপাশি নিজ উদ্যোগে যথাসাধ্য সহায়তা নিয়ে কাজ করছি।
সর্বোপরি আমরা চাই সকলেই সরকারী নির্দেশনা মেনে চলে ঝুঁকিমুক্ত থাকুক। দুবেলা দুমুঠো খেয়ে নিরাপদে ঘরে অবস্থান করুক।
