সিটি নিউজঃ আমরা ক’জন মুজিব সেনা চট্টগ্রাম মহানগরের সাবেক সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এনামুল হকের উপর শীর্ষ মাদক ব্যবসায়ী অনুপ বিশ্বাস ও তার সহযোগী সাগর দাশের নেতৃত্বে সন্ত্রাসী হামলা করা হয়েছে অভিযোগ করেছে। গুরুতর আহত অবস্থায় এনামকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।
আজ শুক্রবার (১০ এপ্রিল) দুপুর ২টায় পাথরঘাটা ফিশারিঘাট এলাকায় এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
এদিকে আমরা ক’জন মুজিব সেনা চট্টগ্রাম মহানগরের প্রধান উপদেষ্টা তারেক সোলেমান সেলিম, সংগঠনের নগর শাখার সভাপতি সরফরাজ নেওয়াজ রবিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ বোখারী আজম, সংগঠনের চট্টগ্রাম দক্ষিন জেলার শাখার আহবায়ক ওয়াজ উদ্দিন আজাদ এক যৌথ বিবৃতিতে এই সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
তারা বলেন, শীর্ষ মাদক ব্যবসায়ী অনুপ বিশ্বাস ও তার সহযোগী সাগর দাশ দীর্ঘদিন যাবত পাথরঘাটা এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। বিশ্বময় করোনা ভাইরাসের সংক্রমণের কারণে দেশের জনগণকে বাঁচাতে সরকার সারাদেশে অফিস, আদালত, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে সাধারণ ছুটি ঘোষণা করে।
কিন্তু অনুপ বিশ্বাস সরকারের এই সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তার মদের মহল খোলা রাখে। ফলে বিভিন্ন এলাকার মদের কাস্টমার পাথরঘাটা এলাকায় প্রতিদিন সমবেত হতে থাকে। যার ফলে এলাকার মানুষের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়তে থাকে।
এনামুল হক এলাকার জনসাধারণকে সাথে এলাকার সাধারণ মানুষদের করোনা ঝুঁকি থেকে রক্ষা ও তরুণদের মাদক থেকে বাঁচাতে অনুপ বিশ্বাসের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার চেষ্টা করে। এরই পরিপ্রেক্ষিতে মাদক ব্যবসায়ী অনুপ বিশ্বাস তার অনুগত সন্ত্রাসীদের দিয়ে এনামুল হকের উপর বর্বরোচিত ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলা চালায়।
বিবৃতিতে অনুপ বিশ্বাসসহ সন্ত্রাসী হামলায় জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। অন্যথায় এর বিরুদ্ধে চট্টগ্রামে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয়।
