সিটি নিউজঃ এবার কর্ণফুলী নদী দিয়ে নৌযান পরিবহন ও যাত্রী পারাপার নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
আজ শনিবার (১১ এপ্রিল) সিএমপির জনসংযোগ শাখা প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নগরীর সকল ঘাট হতে নৌযান চলাচলের উপর নিয়ন্ত্রণ আরোপের কথা জানান।
এতে বলা হয় করোনাভাইরাস সংক্রমণ ও বিস্তার রোধে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় জরুরী সেবায় নিয়োজিত ব্যক্তি এবং ঔষধ, খাদ্যদ্রব্য ও রপ্তানি পণ্য ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে নৌযানযোগে পরিবহন ও যাত্রী পারাপার এখন থেকে বন্ধ থাকবে।
জরুরী সেবা,ঔষধ ও খাদ্যদ্রব্যের ক্ষেত্রে পারাপারের সময় অবশ্যই সীমিত আকারে যাত্রী সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে পারাপার করতে হবে।
সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, যানবাহন ও লোকজনের চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করার পরও নগরীর সদরঘাট, অভয়মিত্র ঘাট, বাংলাবাজার ঘাট, ব্রীজঘাট, ৪ নং ঘাট, ৯ নং ঘাট,১২ নং ঘাট,১৪ নং ঘাট,১৫ নং ঘাট, টিংটোঙ্গারের ঘাট, মাতব্বর ঘাট সহ আরো কিছু এলাকায় কর্ণফুলী নদীতে নৌকাযোগে যাত্রী পারাপার হয়। এগুলো আজ থেকে বন্ধ করা হলো।
