সুজিত দত্ত, পটিয়াঃ নিজেদের পরিবহনে (এস-আলম বাস) হাওর অঞ্চলে ধান কাটার জন্য শ্রমিক আনা নেওয়া করবেন দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপ।
আজ রোববার (১৯ এপ্রিল) বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে হাওর অঞ্চলের বিভিন্ন জেলায় চট্টগ্রাম থেকে ধান কাটার শ্রমিক পাঠানো শুরু হচ্ছে।
প্রথম দফায় পাঁচটি গাড়িতে শ্রমিক যাচ্ছে। এভাবে মোট ৪০ টি যাত্রীবাহী বাসে এক হাজার শ্রমিক পাঠানো হবে ধান কাটার জন্য হাওর অঞ্চলে।
নগরীর রাহাত্তার পুল কেবি কনভেনশন সেন্টারের সামনে থেকে শ্রমিক পাঠানোর এ আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন ডিসি সাউথ মেহেদী হাসান, এডিসি আব্দুর রউফ, বাকলিয়া থানার পুলিশ ইনচার্জ নিজাম উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তাগণ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে খাদ্য সংকটে সতর্ক থাকার পাশাপাশি খাদ্য উৎপাদনে সক্রিয় থাকার জন্য গত কয়েকদিন ধরে নির্দেশনা দিচ্ছেন। করোনায় বিশ্বব্যাপী যোগাযোগ ব্যবস্থার সংকট এবং সাপ্লাই চেইন ব্যাহত হওয়ার প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।
চট্টগ্রামে করোনাভাইরাস সংক্রমণ থেকে জনসাধারণকে রক্ষার জন্য দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ বেশ কার্যকরী ও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। ইতিমধ্যে স্বাস্থ্য, সংবাদকর্মী ও পুলিশ প্রশাসনের সুরক্ষার জন্য বেশ কয়েক দফায় ৫ হাজার উন্নতমানের পিপিই প্রদান করেছেন তিনি।
ধান কাটার জন্য শ্রমিক পরিবহনে নিজেদের প্রতিষ্ঠানের যাত্রীবাহী বাস দিয়ে সহায়তার পর আসছে নিম্ন আয়ের মানুষের জন্য বিশেষ সহায়তা।
এস আলম গ্রুপের চেয়ারম্যানের পি.এস আকিজ উদ্দিন চৌধুরী বলেন, মোট এক হাজার শ্রমিককে আনা নেওয়া করবে আমাদের পরিবহনের ৪০টি যাত্রীবাহী নতুন বাস।
