সিটি নিউজঃ চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত দুই নারীর মৃত্যু হয়েছে। তাদের এক জনের বয়স ৫০ ও আর একজনের বয়স ৫৬। এরা নগরের পাঁচলাইশও জামালখান এলাকার বাসিন্দা। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৪০ জন। এ নিয়ে চট্টগ্রামে সাড়ে ৩ হাজার ছড়ালো।
আজ বৃহস্পতিবার (৪ জুন) ভোর ৫টার দিকে একজন এবং সকাল ৭টায় অন্যজন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুবরণ করেন। তাদের দুইজনেরই উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস ছিল। এদের মধ্যে একজন গত ২৯ মে এবং অন্যজন ২ জুন হাসপাতালে ভর্তি হন।
এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের তিনটি ল্যাবে নমুনা পরীক্ষায় ১৪০ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এনিয়ে চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৫৩৭ জনে দাঁড়ালো।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।
বুধবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১৫৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা পজেটিভ শনাক্ত হয় ২৯ জনের।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ২২৬টি নমুনা পরীক্ষা করে ৭৫ জনের এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৪৬টি নমুনা পরীক্ষা করে ৩৬ জনের করোনা পজেটিভ পাওয়া যায়।
নতুন আক্রান্তদের মধ্যে ৮৬ জন চট্টগ্রাম মহানগর এলাকার এবং ৫৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
এদিকে গতকাল বুধবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামের দুইটি হাসপাতালে এক চিকিৎসকসহ তিন জনের মৃত্যু হয়েছে।এদের মধ্যে ডা. এহসানুল করিম চমেক হাসপাতাল এবং অন্য দুই জন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন।
এ নিয়ে চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরণ করেছেন ৮৬ জন।
