সিটি নিউজ ডেস্ক : সারাবিশ্বের মতো বাংলাদেশেও করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমান্বয়ে বেড়েই চলেছে। চট্টগ্রামেও করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা থেমে নেই। করোনাভাইরাসের কবলে পড়ে চট্টগ্রামের মানুষ দিন দিন আতঙ্কিত হচ্ছেন। আর এদিকে আতঙ্কের মাঝেও নমুনা ছাড়াই পরীক্ষার রির্পোট মিলছে পজিটিভ!
অনেকে নমুনা জমা দিয়ে রিপোর্ট না পাওয়া পর্যন্ত আতঙ্কের মধ্যে থাকেন। কিন্তু এমন সময়ে একটি নির্দিষ্ট তারিখে নমুনা না দিয়েও রিপোর্ট পান চট্টগ্রামের দৈনিক পূর্বদেশ পত্রিকার সাংবাদিক এম এ হোসাইন।
সোমবার (২২ জুন) রাত ১০টা ৪৫ মিনিটে নমুনা জমা না দিয়েও এমন উদ্ভট রিপোর্ট পাওয়ার কথা সামাজিক যোগাযোগimageমাধ্যম ফেসবুকে জানালেন তিনি।
পাঠকদের সুবিধোর্থে তার দেয়া ফেসবুক স্ট্যাটাসের কথা হুবহু তুলে ধরা হলো-
আশ্চর্য!!!!! নমুনা ছাড়াই পজিটিভ রিপোর্ট। স্বাস্থ্য দপ্তরের গাঁজাখুরি কাজ কারবার! আজকে এসএমএস করে জানালো ১৭ তারিখে নাকি আমি নমুনা দিলাম। তাও আবার ঢাকায়। তারা সেটা ১৭ তারিখেই পরীক্ষা করেছে। সে পরীক্ষার ফলাফল পজেটিভ! অথচ ১৭ তারিখ আমি কোন নমুনা দিইনি। নমুনা ছাড়াই পরীক্ষা করে রির্পোট! এর আগে ১৪ দিন পরে রির্পোট পেলাম। আর এবার পরীক্ষা ছাড়া রির্পোট পেলাম। সামনে কি আসে কি জানি।
দৈনিক পূর্বদেশের স্টাফ রিপোর্টার এম.এ হুসাইন সিটি নিউজকে বলেন, ‘নমুনা না দিয়ে কিভাবে পরীক্ষার রিপোর্ট এসেছে। সেটা অবাক করার মতো বিষয়। যেখানে গত ৬ তারিখ নমুনা দিয়ে ১৪ দিন পরে রিপোর্ট পেয়েছি। সেখানে এ নমুনা পরীক্ষার রিপোর্ট দিনে দিনে দেয়া হয়েছে।’
প্রসঙ্গত, তিনি গত ৬ জুন করোনা টেস্ট করেন এবং ১৯ জুন টেষ্টের রিপোর্ট পজিটিভ আসে।
