খুলশীতে বিউটি পার্লারের নামে যৌন ব্যবসা-মালিকসহ গ্রেফতার ৫

0

সিটি নিউজঃ চট্টগ্রাম নগরীর খুলশীতে বিউটি পার্লারের নামে যৌন ব্যবসা চালানোর অভিযোগে পার্লারের মালিক রমিমা আকতার ডলিসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে এক কিশোরীকে ‘যৌন কাজে বাধ্য করারও গুরুতর অভিযোগ পাওয়া গেছে।

খুলশী থানাধীন ওমেন্স কলেজ মোড়ের লায়ন্স চক্ষু হাসপাতাল গলি থেকে শনিবার তাদের গ্রেপ্তার করা হয় বলে খুলশী থানার ওসি প্রণব চৌধুরী জানান।

গ্রেপ্তাররা হলো- ওই এলাকার লাক্সারি বিউটি পার্লারের মালিক রহিমা আক্তার ডলি (৪৯) ইয়াসমিন আক্তার মুন্নী (৪০) ও রুবি আক্তার (২৫)। এ সময় ওই পার্লার থেকে শামীম উল করিম (২৮) নামে এক ‘খদ্দের’ এবং এক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে ওসি বলেন, তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে থানায়।

ওসি বলেন, লাক্সারি বিউটি পার্লারে সাজ সজ্জার আড়ালে অবৈধ যৌন ব্যবসা চলত। সেখানে ১৪ বছর বয়সী এক কিশোরীকে জোর করে যৌন কাজে বাধ্য করা হলে মেয়েটির বাবা থানায় অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতেই শনিবার সেখানে অভিযান চালানো হয়।

তিনি আরো বলেন, রুবি আক্তার নিজে ওই পার্লারে যৌনকর্মী হিসেবে কাজ করেন। গত ২৪ জুন প্রতিবেশী ওই কিশোরীকে তিনি পার্লারে নিয়ে যান। সেখানে তাকে যৌনকাজের প্রস্তার দেন রহিমা আক্তার ডলি। ওই কিশোরী রাজি না হওয়ায় ডলি ও তার সহযোগী মুন্নী তাকে যৌন কাজে বাধ্য করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

শনিবার কিশোরীর বাবা থানায় অভিযোগ করলে প্রথমে রুবি আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী পার্লারে অভিযান চালিয়ে অন্যদের গ্রেপ্তার করা হয়।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.