জুবায়ের সিদ্দিকীঃ জীবনের জন্য জীবিকা কিন্তু জীবিকার জন্য জীবন নয়। জীবন একটি সংক্ষিপ্ত সময়ের জন্য। এই সময়ে জীবনে কাজের সীমানা অনেক। মহামারী করোনাকালে মানুষের ব্যবসা-বণিজ্য ও চাকরীতে ধ্বস নেমে এসছে। প্রতিদিন বেকার হচ্ছে শত শত মানুষ। মধ্যবিত্ত পরিবার পড়েছে বিপদে। না পারছে হাত পাততে, না পারছে ক্ষুধা নিবারণ করতে। শহর ছেড়ে মানুষে ছুঁটছে গ্রামে। থমকে গেছে পৃথিবী। জীবন ও জীবিকা থেকে এক অজানা আতংক ও ভয়ে পথ চলছে।
জনজীবনে নেমে এসেছে দূর্ভোগ। গণমাধ্যমেও চলছে ছাঁটাই। অনেক পত্রিকা বন্ধ হয়ে গেছে। পৃথিবীর কোলাহল যেন থেমে গেছে। মধ্যবিত্ত পরিবারগুলো যখন সমস্যায় জর্জরিত তখন বড়লোকদের ভূরিভোজ, বিনোদন যেন থেমে নেই।
মানুষের আয় রোজগার কমে যাওয়াতে অনেক পরিবার এখন মানবেতর জীবনযাপন করছে। এই সভ্যসমাজে কিছু রাজনীতিবিদ ক্ষমতার হালুয়ারুটির ভাগ বসাতে ও আখের গোছাতে চষে বেড়াচ্ছে অলিগলি। ওদের কাছে রাজনীতি মানে ব্যবসা। রাজনীতি মানে টাকার পাহাড়। জনগণকে তোয়াক্কা না করে নিজেদের সম্পদের পাহাড় দিন দিন বাড়ছে এই করোনাকালে।
