সিটি নিউজঃ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৯ কেজি (৮২টি স্বর্ণের বার) স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত স্বরেণর বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৭টা ২০ মিনিটে দুবাই থেকে নিয়ে আসা এসব সোনার বার উদ্ধার করে জাতীয় নিরাপত্তা গোয়ন্দা ও চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।
জানা গেছে, ৯ কেজি ৫৯ গ্রাম সোনার বারসহ আটক কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মোহাম্মদ এনামুল হক (পাসপোর্ট: বিপি ০৭৮৬৭৮১) দুবাই থেকে মূলত এসব স্বর্ণ ক্যারিয়ার হিসেবেই বহন করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষের উপ কমিশনার রোখসানা আকতার সাংবাদিকদের জানান, গোপন তথ্যের ভিত্তিতে সকাল ৭টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটের এক যাত্রীকে আটক করে তল্লাশি করে এনএসআই ও কাস্টমস কর্তৃপক্ষ।
বিমানটি ল্যান্ড করার পরপরই সন্দেহজনক ওই যাত্রীকে তল্লাশি করা হয়। এসময় একটি প্লাস্টিকে মোড়ানো বডিশিল্ডে লুকানো অবস্থায় ৮২টি সোনার বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুবাই থেকে ক্যারিয়ার হিসেবে এসব স্বর্ণের বার বহন করার কথা জানিয়েছেন আটক ওই যাত্রী। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান কাস্টম কর্মকর্তা রোখসানা আক্তার।
