গোলাম শরীফ টিটু, সিটি নিউজঃ প্রায় ২ হাজার ৬৫ জন পরিচ্ছন্নতাকর্মী কাজ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এর ডোর টু ডোর প্রকল্পে। অভিযোগ উঠেছে, এত বেশি পরিচ্ছন্নতাকর্মী সেখানে কাজ করেন না। এসব পরিচ্ছন্নতাকর্মীদের ডিজিটাল হাজিরা নেই। আবার শ্রমিকদের তথ্য সমৃদ্ধ কোন রেজিস্টার কর্পোরেশনে নেই। তবে প্রতিমাসে দুই কোটির বেশি টাকার বেতন হয়েছে লোকসংখ্যা হিসাব করেই। এখন সমস্যা কোথায় হয়েছে তা খুঁজে বের করতে ব্যাংক হিসাব যাচাই-বাছাই করা হচ্ছে।
গত ৬ অক্টোবর সচিব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। উক্ত আদেশে রাজস্ব কর্মকর্তাা শাহেদা ফাতেমা চৌধুরীকে আহবায়ক করে হিসাব বিভাগ ও পরিচ্ছন্ন বিভাগের প্রতিনিধি রাখার কথা বলা হয়। তাদের ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। এ কারনে আগষ্ট মাসে নিয়োগ পাওয়া ৫৩ জন শ্রমিকের বেতন বন্ধ রেখেছে সংস্থাটি।
চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন,’ পরিচ্ছন্নতাকর্মীদের কোন সঠিক তথ্য নেই। তাই একই ব্যক্তি দুই বা ততোধিক ব্যাংক হিসাব খুলে বেতন ভোগ করছেন কি না তা যাচাই করতে কমিটি করা হয়েছে’।
সচিক সুত্র মতে, গত ২৮ আগস্ট এক আদেশে পরিচ্ছন্ন বিভাগে ডোর টু ডোর এ কর্মরত শ্রমিকদের যাচাই-বাছাইয়েরর জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদনে নিয়োগ প্রক্রিয়য়ার অসচ্ছতা ও গোঁজামিলের প্রমান মেলে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ’ পরিচ্ছন্নতাকর্মীদের অফিস টাইম সুনির্দিষ্ট নয়। একদল লোক সকাল ৭টায় অফিসে যান, অপর দলটি বেলা দেড়টার মধ্যে কাজে যোগদান করেন। রয়েছে ভুঁতুরে হাজিরার অভিযোগ। সুপারভাইজার সেবকদের মনিটরিং করেন। যথাযথ মনিটরিং ও রিপোর্টিং এর জন্য প্রশিক্ষনের প্রয়োজন।
জানা গেছে, সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দিনের আমলে ২০১৬ সালের ৩১ আগষ্ট স্থানীয় সরকার মন্ত্রনালয় দুটি শর্তে দৈনিক মজুরীর ভিত্তিতে দুই হাজার পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়ার অনুমতি প্রদান করে। শর্ত ছিল, নিয়োজিত শ্রমিকদের পরিচ্ছন্ন বিভাগের কাজ ছাড়া অন্য কোন কাজে নিয়োজিত করা যাবে না। দৈনিক মজুরীর ভিত্তিতে কর্মরত সকল শ্রমিক ও অনুমোদনকৃত শ্রমিকের তথ্য নিয়োগ প্রদানের এক মাসের মধ্যে নির্দিষ্ট ছক অনুসারে জমা দিতে হবে। কিন্তু কর্পোরেশন ২ হাজার শ্রমিকের স্থলে ২ হাজার ৬৫ জন নিয়োগ দিলেও মন্ত্রনালয়ে শ্রমিকদের তথ্য জমা দেননি। এ ছাড়া শ্রমিকের সংখ্যা বাড়লেও এর কোন সন্তোষজনক জবাব দিতে পারেননি পরিচ্ছন্ন বিভাগ।
