ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সাথে চসিক প্রশাসকের সাক্ষাত
সিটি নিউজঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সাথে তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাত করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন।
আজ শনিবার সকালে এই সৌজন্য সাক্ষাতে ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী নগরীর ফুটপাত অবৈধ দখলদার উচ্ছেদ ও সড়ক সংস্কারের তড়িৎ পদক্ষেপের প্রশংসা করে বলেন, নগরীর সৌন্দর্যবর্ধন, যানজট নিরসন ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে তাঁর পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা করা হবে।
এ সময় প্রশাসক মাননীয় মন্ত্রীর দৃষ্টির আকর্ষণ করে বারইপাড়া খাল খনন, কুলগাঁও বাসটার্মিনাল, লালচাঁন খাল ও রাস্তা অধিগ্রহণ ও অর্থ সহায়তায় সার্বিক সহযোগিতা কামনা করেন। এছাড়া নগরীর পাহাড়তলীস্থ জোড়ঢেবা ও ভেলুয়ার দিঘীকে পর্যটনের আওতায় এনে দৃষ্টিনন্দন করতেও মাননীয় মন্ত্রীর সহযোগিতা কামনা করেন প্রশাসক।
মন্ত্রী এ বিষয়ে প্রশাসককে উদ্যোগী হওয়ার আহ্বান জানান। সাক্ষাতে চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোজাম্মেল হক, প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম উপস্থিত ছিলেন।
