পুলিশের বিরুদ্ধে টাকা ছিনতাইয়ের ‘মিথ্যা’ অভিযোাগে বাদী গ্রেফতার
সিটি নিউজঃ চট্টগ্রামে পুলিশের বিরুদ্ধে টাকা ছিনতাইয়ের ‘মিথ্যা’ অভিযোাগে বাদীকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। বাবলা দাশ নামে এক মাছ ব্যবসায়ী পুলিশের বিরুদ্ধে লাখ টাকা ছিনতাইয়ের‘মিথ্যা’ অভিযোগ দায়ের করে কোতোয়ালী থানায়। এর তদন্তে সত্যতা না পেয়ে পুলিশ বাদীকে গ্রেফতার করে।
শনিবার বাবলা দাশ (৩০) নামের ওই মাছ ব্যবসায়ীকে টানা ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ তাকে গ্রেপ্তার করে। চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) পলাশ কান্তি নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ রবিবার (১১ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আইপিএল এর জুয়া খেলে ব্যবসার টাকা হারিয়ে ফেলে বাবলা। পাওনাদারের হাত থেকে রক্ষা পেতে সে এ ধরনের নাটক সাজানোর কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতার বাবলা দাশ নগরীর লালখান বাজার এলাকার ধনঞ্জয় দাশের ছেলে। বাসা লালখান বাজারের টাংকি পাহাড় লেইনে। সেখানেই তিনি মাছের ব্যবসা করেন।
পুলিশ কর্মকর্তারা জানান, গত ১ অগাস্ট থেকে বিভিন্ন সময়ে আইনুদ্দীন নামের এক ব্যক্তির কাছ থেকে নগদে ও বাকিতে মাছ কিনেছিলেন বাবলা। বাবলা সে মাছ বিক্রির টাকা জুয়া খেলে হারিয়ে বসে। এদিকে টাকার জন্য চাপ দিচ্ছিলেন আইনুদ্দীন। তখন বাবলা সমিতির নেতাদের কাছে ওই ‘ছিনতাইয়ের গল্প’ বলেন।
মাছ ব্যবসায়ী আইনুদ্দীন তার প্রতিষ্ঠানের এক লাখ ৭০ হাজার আত্মসাতের অভিযোগে কোতোয়ালি থানায় বাবলার বিরুদ্ধে মামলা করেছেন বলে জানান সহকারী কমিশনার নোবেল।
