সিটি নিউজঃ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৭৬ জন। ৯২৩ জনের দেহে পরীক্ষা চালিয়ে এ পজিটিভের সংখ্যা পাওয়া যায়। এনিয়ে চট্টগ্রামে মোট করোনা ভাইরাসে শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ২৭৭ জন।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৭৬জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ৯২৩টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৫৯জন এবং উপজেলায় ১৭জন।
এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৬৩টি নমুনা পরীক্ষা করে ১৫ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ৮ জন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২০৭টি নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৫১টি নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা ভাইরাস পাওয়া গেছে।
বেসরকারি হাসপাতালের মধ্যে ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৩টি নমুনা পরীক্ষা করে ১১ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৬৯টি নমুনা পরীক্ষা করে ৩ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১১টি নমুনা পরীক্ষা করে ৩ জনের এবং জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩টি নমুনা পরীক্ষা করে ৩ জনেরই পজিটিভ শনাক্ত হয়।
এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৬৯টি নমুনা পরীক্ষা করে ২ জনের নমুনায় কোভিড-১৯ শনাক্ত হয়।
