সিটি নিউজঃ ঝুম বৃষ্টি। সময় সকাল ৭ টা। আর এই বৃষ্টি মাথায় নিয়ে নগরীর বির্জা খাল থেকে আবর্জনা ও বর্জ্য পরিস্কারের মাধ্যমে মশকনিধন কার্যক্রমের পূর্ব নির্ধারিত কর্মসূচিতে যান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন।
দায়িত্বের কারণে কোন বাধা মানতে নারাজ তিনি। তাই বৃষ্টি উপেক্ষা করে মশকনিধন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে খবর পান নগরীর পূর্ব বাকলিয়া ইছহাইক্যার পুলের নীচে বৃষ্টিতে জলজট সৃষ্টি হয়েছে। এই খবর শুনে সাথে সাথে ওই স্থানে পরিদর্শনে ছুটে যান প্রশাসক।
আজ বুধবার (৪ নভেম্বর) সকালে চসিকের মশক নিধন কার্যক্রম শুরু করে খালের ময়লা আবর্জনা পরিস্কারে হাত লাগান।
পরিদর্শনকালে প্রশাসক সুজন ‘ইছহাইক্যার পুলের’ নীচে ওয়াসার সংযোগ লাইনের দুটি বিশাল আকৃতির লোহার পাইপ দেখতে পান। আর এ পাইপের সংযোগ লাইনের সাথে বড় বড় কচুরিপানা, ঘাস, বিভিন্ন আগাছা, লতা-গুল্ম আটকে খালের পানি চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে দেখে তাৎক্ষণিক কর্পোরেশনের শতাধিক শ্রমিক নিয়োজিত করে তিনি এসব আবর্জনা পরিস্কারের ব্যবস্থা নিয়ে পানি চলাচল স্বাভাবিক করেন।
এসময় প্রশাসক ‘ইছহাইক্যার পুলে’র নীচে থাকা ওয়াসার সংযোগ লাইনের পাইপের কারণে খালের পানি প্রবাহ যাতে বাধাগ্রস্ত না হয়, সে জন্য বিকল্প ব্যবস্থা নিতে ওয়াসার দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট প্রকৌশলীকে ঘটনাস্থল থেকে ফোন করেন।
সে সময় স্থানীয় জনসাধারণ প্রশাসকের এই উদ্যোগের প্রশংসা করেন। প্রয়োজনে তিনি এ ব্যাপারে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের সাথে কথা বলবেন বলে স্থানীয় জনসাধারণকে আশ্বস্থ করেন।
মশকনিধন কার্যক্রম উদ্বোধনকালে প্রশাসকের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী, স্থানীয় রাজনীতিক আহমদ ইলিয়াছ, মুক্তিযোদ্ধা এছাক মন্টু, সমাজসেবক শামসুল আলম, আবু জাফর, শফিউল আজম বাহার, মফজল আহমদ, নাঈম রনি, কফিল উদ্দীন, শহীদুল ইসলাম শহীদ, আনিসুল আজাদ, আকতার জামান রানা প্রশাসকের সাথে ছিলেন।
মশক নিধন কর্মসূচির উদ্বোধনের কাজে নিয়োজিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শ্রমিক সেবকদের জন্য এমদাদ হাসান বাবু নামের স্থানীয় এক অধিবাসী সকালে নাস্তার ব্যবস্থা করেন। তাঁর এই আতিথেয়তা ও মানবিক সহায়তায় প্রশাসক সুজন প্রশংসা করেন এবং ওই অধিবাসীকে ধন্যবাদ জানান।
মশক নিধন কার্যক্রম উদ্বোধনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেন, নগরীর চাক্তাই-মহেষখালসহ অধিকাংশ খাল এখন ময়লা আবর্জনায় ভরা। কর্পোরেশন মশক নিধনে এসব আবর্জনা পরিস্কারে কাজ শুরু করেছে। আগামীতে পরিস্কার হওয়া খাল-নালায় কোন ময়লা,আবর্জনা দেখলে কঠোর ব্যবস্থা নিব। আমি আজ সরেজমিন বির্জা খাল পরিদর্শন করে দেখলাম খালে পলিথিন,ককসিট !
এ সময় তিনি নগরবাসীর উদ্দেশ্যে বলেন,আপনারা নিজ নিজ বাড়ির আঙিনা,পুকুর,খাল-নালা পরিস্কার রাখুন। এটা আমার আপনার সামাজিক দায়িত্ব। প্রশাসক নগরবাসীকে খাল-নালায় পলিথিন, ককসিট ও অপঁচনশীল দ্রব্য ফেলা থেকে বিরত থাকার আহ্বান জানান।
তিনি নগরবাসীর উদ্দেশ্যে বলেন, আপনারা পলিথিন বর্জন করুন। পলিথিনের কারণে আজ কর্ণফুলী নদীর তলদেশ ভরাট হয়ে গেছে। তিনি নগরবাসীকে নগরীর জীবনযাত্রা ব্যাহত করে এই ধরণের পণ্য ব্যবহার না করার আহ্বান জানান। পলিথিন ব্যবসায়ীদেরও বিকল্প ব্যবসার পথ খুঁজতে বলেন।
তিনি বলেন, কর্পোরেশনের পক্ষ থেকে আমরা ইতোমধ্যে নগরীর রিয়াজউদ্দিন বাজার ও স্টেশন রোডের ফলমন্ডিতে ময়লা রাখার জন্য পলিথিনের বিকল্প থলে (ব্যাগ) সরবরাহ করেছি। আমি চাই আমোদের এই প্রিয় নগর সকলের সম্মিলিত প্রয়াসে পরিস্কার রাখতে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রশাসক বলেন, ময়লা-আবর্জনার মধ্যে মশা বংশ বিস্তার করে। সামনে ডেঙ্গুর মৌসুম। ম্যালেরিয়ার পাশাপাশি এডিশ মশা ফুলের টবে জমে থাকা স্বচ্ছ পানি,রেফ্রিজারেটরের পানি ও ছাদের কর্নিশে জমা পানিতে বংশ বিস্তার করে। তাই এডিশ মশার প্রজনন ধ্বংসে আমাদের নিজ বাসা-বাড়ি,আঙিনা পরিস্কার রাখতে হবে।
তিনি বলেন, মশার প্রজনন ধ্বংসে আমরা পরিবেশবান্ধব ওষুধ ছিটানোর কথা ভাবছি। বিশ্বস্বাস্থ্য সংস্থার পরামর্শমতে জনস্বাস্থ্যের জন্য হুমকি নয়,এই ধরণের ওষুধ ছিটাতে হবে। আমরা এখন তা নিয়ে ভাবছি। নগরবাসী সচেতন হলে ডেঙ্গুসহ ম্যালেরিয়া থেকে রক্ষা পাওয়া সম্ভব বলে প্রশাসক মন্তব্য করেন। তিনি সরকারি নির্দেশনা মেনে নগরবাসীর সহযোগীতায় চট্টগ্রাম নগরকে পরিচ্ছন্ন মানবিক ও করোনামুক্ত শহরে পরিণত করা সম্ভব বলে উল্লেখ করেন।
সাবেক মেয়র নাছিরের
রোগমুক্তি কামনায়
সুজনের দোয়া মাহফিল
চট্টগ্রাম-৪ নভেম্বর ২০২০ইং
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন করোনায় আক্রান্ত হওয়ায় তাঁর রোগমুক্তি কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন। আজ বুধবার বিকেলে চসিকের টাইগারপাস্থ নগর ভবনের কনফারেন্স রুমে আয়োজিত এই দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেলক হক, সচিব আবু সাহেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী লে. কর্ণেল সোহেল আহমদ, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়–য়া, প্রশাসকের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, উপ সচিব আশেক রসুল চৌধুরী টিপুসহ কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন কর্পোরেশনের মাদ্রাসা পরিদর্শক মাওলানা হারুনুর রশিদ চৌধুরী।
অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন নগরবাসীকে করোনা মোকাবেলায় সামাজিক দূরত্ব ও সুরক্ষা নিয়ে বাইরে বের হলে মাস্ক পড়ে চলাচলের আহ্বান জানান। তিনি জনসাধারণকে নিতান্ত প্রয়োজন ছাড়া অহেতুক বাইরে ঘুরাঘুরি না করা এবং ভীড় এড়িয়ে চলার পরামর্শ দেন।
পরে সাবেক মেয়র আ জ ম নাছিরের রোগমুক্তি কামনা ও দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন শেখ ফরিদ (র.) চট্টগ্রাম সিটি কর্পোরেশন জামে মসজিদের সাবেক পেশ ইমাম মাওলানা আবদুর রহমান।
ফুটপাত ও নালার উপর অবৈধভাবে মালামাল স্তুপ করে রাখায়
৮টি প্রতিষ্ঠানকে ৭২ হাজার টাকা জরিমানা করলো চসিক ভ্রাম্যমাণ আদালত
চট্টগ্রাম-৪ নভেম্বর ২০২০ইং
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস এর নেতৃত্বে আজ বুধবার সকালে চট্টগ্রাম মহানগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানকালে নগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা রোডের উভয় পার্শ্বের ফুটপাত ও নালা অবৈধভাবে দখল করে লোহার দোকানের মালামাল স্তুপ করে রাখে এবং অবৈধভাবে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে জনদুর্ভোগ সৃষ্টি করায় স্থাপনাসহ সাগরিকা রোডের অবৈধ কাচাঁবাজার উচ্ছেদ করা হয়। এসময় ফুটপাত ও নালার জায়গা অবৈধ দখল করে লোহার পাইপসহ বিভিন্ন পণ্য স্তুপ করার দায়ে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭২ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে বাকলিয়া থানাধীন বির্জা খালের উপর অবৈধভাবে নির্মিত ব্রীজের অবশিষ্টাংশ অপসারণ করা হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী, ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটদ্বয়কে সহায়তা প্রদান করেন।
ক্যাপশন ঃ
১। নগরীর বির্জা খালের সার্বিক পরিস্থিতি প্রত্যক্ষ করছেন চসিক প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন।
২। মশকনিধন কার্যক্রম উদ্বোধন করছেন চসিক প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন।
৩। নগরীর বির্জা খাল থেকে নিজ হাতে আবর্জনা ও বর্জ্য পরিস্কার করছেন চসিক প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন।
৪। সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও মুনাজাত করছেন চসিক প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন।
৫। সাগরিকা রোডের উভয় পার্শ্বের ফুটপাত ও নালা উপর অবৈধ দখলদারকে উচ্ছেদ করছেন চসিকের ভ্রাম্যমাণ আদালত
সংবাদদাতা
স্বাক্ষরিত
(কালাম চৌধুরী)
জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব)
চট্টগ্রাম সিটি কর্পোরেশন
মোবাইল-০১৮২৪-৪৭৭৬৯৩
