সিটি নিউজঃ চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় লবণ বোঝাই একটি ট্রাকে করে ইয়াবা পাচারের সময় চালক ও হেলপারকে গ্রেফতার ও ট্রাকে তল্লাশী চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাপিড একশন ব্যাটেলিয়ান (র্যাব)-৭। জব্ধ করা হয়েছে লবণ বোঝাই ট্রাকটিও।
আজ সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ অভিযান চালানো হয়।
আটক ট্রাকের চালক ও হেলপার দুজন হলেন, চালক শহিদুল ইসলাম (৪৪) ও হেলপার আরমান আলী (২২)। তারা দুজনই কক্সবাজারের বাসিন্দা। তারা দুজনই পেশাদার ইয়াবা ব্যবসায়ী। মুলত পণ্য পরিবহনের আড়ালেই তারা দুজন কক্সবাজার থেকে চট্টগ্রামে ইয়াবা নিয়ে আসে বলে জানিয়েছে র্যাব।
র্যাব -৭ এর এএসপি মাহমুদুল হাসান মামুন সংবাদ মাধ্যমকে বলেন, সকালে শাহ আমানত সেতু এলাকায় র্যাবের একটি টিম টহলে ছিল। কক্সবাজার থেকে আসা লবণ বোঝাই ট্রাকটিকে সন্দেহ হলে আটকানো হয়। একপর্যায়ে তল্লাশি করলে ট্রাকের ভেতর থেকে ৩০ হাজার ইয়াবা পিস উদ্ধার করা হয়।
আটকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
