ফৌজদার হাটে ওভার ব্রীজ নির্মাণঃ ক্রেন ভেঙে মাটিতে গার্ডার
সিটি নিউজঃ ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডে সিডিএ’র নির্মাণাধীন রেলওভার ব্রিজের গার্ডার তোলার সময় ক্রেন ভেঙে প্রায় ৮০ টন ওজনের একটি গার্ডার মাটিতে পড়ে গেছে।
আজ রবিবার (৬ ডিসেম্বর) বিকেলে ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডের ফৌজদারহাট অংশে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত না হলে মারাত্মক দুর্ঘটনা থেকে বেঁচে যায় শ্রমিকরা।
সিডিএ’র প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস সাংবাদিকদের বলেন, বিকেল সাড়ে তিনটার দিকে ফৌজদারহাট অংশে নির্মাণাধীন রেল ওভার ব্রিজে গার্ডার তুলছিলেন সংশ্লিষ্টরা। এসময় ক্রেন ভেঙে প্রায় ৮০ টন ওজনের গার্ডারটির একপাশ মাটিতে পড়ে যায়।
তিনি বলেন, ২৫ মিটার দৈর্ঘ্যের গার্ডারটি মাটিতে পড়ে গেলেও রেল চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি। মারাত্মক দুর্ঘটনা থেকে বেঁচে যায় শ্রমিকরা। আরেকটি ক্রেন এনে গার্ডারটি উপরে তোলার ব্যবস্থা করা হচ্ছে। আজকের মধ্যেই সেটি ঠিক জায়গায় স্থাপন করা হবে।
উল্লেখ্য, প্রায় ৬ কিলোমিটার দৈর্ঘ্যের ঢাকা ট্রাংক রোডের ফৌজদারহাট অংশ থেকে নগরের বায়েজিদ বোস্তামী পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণে ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোড প্রকল্প হাতে নেয় সিডিএ।
২০১৬ সালের জুনে ১৭২ কোটি ৪৯ লাখ টাকার এ লিংক রোড প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে দুই লেনের সড়ক করার কথা থাকলেও ২০১৬ সালের অক্টোবরে সড়কটি চার লেনে উন্নীত করার সিদ্ধান্ত হয়। এতে খরচ বেড়ে দাঁড়ায় ৩২০ কোটি টাকা।
