সি টি নিউজঃ চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৩ জন। ১৭৯৩টি নমুনা পরীক্ষা করে ৫৩ জনের শরীরে সংক্রমণের নমুনা পাওয়া যায়। এ নিয়ে মোট করোনা আক্রান্ত ৩১ হাজার ৮৩৩ জন। এদিন চট্টগ্রামে করোনায় মৃত্যুবরণ করেনি কেউ।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৫৩ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৭৯৩টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৪৪ জন এবং উপজেলায় ৯ জন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২১৭টি নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১ হাজার ১৩টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ১০ জন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২৬৬টি নমুনা পরীক্ষা করে ১৬ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৫৭টি নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে।
ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৫২টি নমুনা পরীক্ষা করে ৯ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৩টি নমুনা পরীক্ষা করে ৭ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৯টি নমুনা পরীক্ষা করে ৭ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।
অন্যদিকে জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৮টি নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৩৮টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেনি।
