আন্তর্জাতিক ডেস্কঃ ফের অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়। বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন তিনি।কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত থেকেই বুকে ব্যথা অনুভব করেন বিসিসিআই প্রেসিডেন্ট। বুধবার দুপুরে ব্যথা বাড়লে কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ দিন গ্রিন করিডর করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সৌরভকে। গাড়ি থেকে নেমে হেঁটেই হাসপাতালে ঢোকেন তিনি। সেখানে চিকিৎসক আফতাব খান, সপ্তর্ষি বসু এবং সরোজ মণ্ডলের পর্যবেক্ষণে রয়েছেন। ক্যাথ ল্যাবে ইতিমধ্যেই ডাক্তারি পরীক্ষা করা হয়েছে সৌরভের। তাঁর ইকো কার্ডিওগ্রাম এবং ইসিজি করা হয়েছে। বৃহস্পতিবার অ্যাঞ্জিওগ্রাম হবে। তবে এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। বুধবার চিকিৎসকদের পর্যবেক্ষণেই থাকবেন তিনি।
এর আগে, গত ২ জানুয়ারি শরীরচর্চা করার সময় আচমকাই মাথা ঘুরে পড়ে যান সৌরভ। বুকে যন্ত্রণা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। সেইসময় প্রায় এক সপ্তাহ হাসপাতালে ছিলেন তিনি। তাঁর বুকে একটি স্টেন্ট বসানো হয়। আরও দু’টি স্টেন্ট বসানোর কথা রয়েছে। তার পর ৭ জানুয়ারি সুস্থ হয়ে বাড়ি ফিরে যান সৌরভ। সেই সময় হাসপাতাল থেকে বেরিয়ে তিনি বলেন, ‘‘জীবন ফিরে পেলাম।’’ তার পর দিন কুড়ি কাটতে না কাটতেই ফের অসুস্থ হয়ে পড়লেন মহারাজ।
সেই সময় ডাক্তারি পরীক্ষায় দেখা যায়, হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী তিনটি ধমনীতে ‘ব্লকেজ’ রয়েছে সৌরভের। প্রথমে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় তাঁর। তার পর ধমনীর ‘ব্লকেজ’ সরাতে বসানো হয় স্টেন্ট।
