সিটি নিউজ ডেস্ক: লম্বা বিরতি কাটিয়ে ওয়ানডে দিয়ে ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফেরার সিরিজে বেশ সফলও হয়েছে স্বাগতিকরা। তিন ম্যাচের সিরিজ জিতেছে ৩-০ ব্যবধানে। সংক্ষিপ্ত ফরম্যাটের লড়াই শেষে এবার লাল বলের ক্রিকেটে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। চট্টগ্রামে চলছে ক্রিকেটারদের প্রস্তুতি। তবে ভালোভাবে প্রস্তুতি নিলেও টেস্টে এত দিন পর ফেরাটাকে সহজ করে দেখছেন না এই ফরম্যাটের নিয়মিত মুখ তাইজুল ইসলাম।
আগামী ৩ ফেব্রুয়ারি মাঠে গড়াবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। মূল লড়াইকে সামরে রেখে আজ বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদসম্মেলনে তাইজুল বলেন, ‘অনেকদিন পর দেশের মাটিতে টেস্ট খেলা। সবকিছু এত সহজভাবে ভাবলে হবে না। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। তবে বেশ কিছুদিন ধরে অনুশীলন করে যাচ্ছি। এ ছাড়া টিমের সঙ্গে থাকায় প্রস্তুতি ভালো হয়েছে। আমাদের সবার যেভাবে প্রস্তুতি চলছে। আশা করি এই ফরম্যাটে ক্যামব্যাক করা আমাদের জন্য কঠিন হবে না।’
ওয়ানডে ক্রিকেটে দলের সঙ্গে থাকলেও খেলা হয়নি তাইজুলের। লম্বা বিরতির পর টেস্ট দিয়েই ফেরার কথা তাঁর। নিজের প্রস্তুতি নিয়ে তাইজুল বলেন, ‘এত দিন খেলার বাইরে ছিলাম বলে তেমন বড় কোনো পার্থক্য দেখছি না। আমরা মানসিকভাবে শক্ত আছি। হ্যাঁ অনেকদিন গ্যাপ ছিল এটা ঠিক কিন্তু এর মধ্যেই আমরা অনুশীলন চালিয়ে গেছি। সবাই বিভিন্ন বিভাগ নিয়ে আলাদা-আলাদা কাজ করেছে। আমিও অনেক কিছু নিয়ে কাজ করেছি। আমার কাছে মনে হয়, টেস্ট ক্রিকেটে জায়গাটা পোক্ত করাটা গুরুত্বপূর্ণ। আমি আগের মতোই চাইব, আমরা জায়গাটা ধরে রাখতে। চেষ্টা করব দেশের জন্য ভালো কিছু করার।’
৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, ১১ ফেব্রুয়ারি থেকে।
