রাজন হত্যার আসামী কামরুলকে নিয়ে বিকেলে ফিরছে পুলিশ

0

ঢাকা অফিস  :     সামিউল আলম রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলামকে নিয়ে আজ বৃহস্পতিবার বিকেলে সৌদি আরব থেকে ঢাকায় পৌঁছাবে পুলিশের একটি দল। বিকেল সাড়ে তিনটার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাকে নিয়ে ঢাকায় আসার কথা রয়েছে।

পুলিশ সদর দপ্তরে সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) নজরুল ইসলাম জানিয়েছেন, কামরুলকে আনতে গত সোমবার ভোরে রিয়াদে যান পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত সুপার মাহাবুবুল করিম, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ এবং সহকারী পুলিশ কমিশনার এএফএফ নেজাম উদ্দিন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় কামরুলকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অনুরোধ করলে সৌদি কর্তৃপক্ষ তাতে সম্মত হয়।

গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে খুঁটিতে বেঁধে ১৩ বছরের শিশু রাজনকে পিটিয়ে হত্যার পর বিদেশে পালিয়ে যান কামরুল। তিনি সৌদি আরবে থাকতেন।

রাজনকে নির্যাতনের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর সারাদেশে ক্ষোভের সৃষ্টি হয়। তখন প্রবাসীদের সহায়তায় কামরুলকে আটক করে সৌদি পুলিশের হাতে তুলে দেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.