সিটিনিউজবিডি : শিশু সৌরভকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটনকে আদালতে হাজির করা হয়েছে।
গাইবান্ধার অতিরিক্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সুন্দরগঞ্জ) আদালতে বৃহস্পতিবার বেলা ১২টা ৫ মিনিটে তাকে হাজির করা হয়।
এদিকে লিটনের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় রাবার বুলেটে অন্তত ২০ জন আহত হয়েছেন।
জেলা জজ আদালতের সামনে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে পৌনে ১২টা পর্যন্ত দু’দফা এ সংঘর্ষ হয়।
আদালত চত্বরে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, এমপি লিটনের মুক্তির দাবিতে জেলা জজ আদালত চত্বরে সকাল থেকে অবস্থান নেয় লিটনের কর্মী-সমর্থকরা। লিটনকে যখন আদালতে আনা হয় তখন লিটনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।
কর্মী-সমর্থকরা বাধা উপেক্ষা করে মিছিল করার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে। এতে লিটনের কর্মী-সমর্থদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে ২০ জন আহত হন। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক হোসেন জানান, দুপুর ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
