সিটি নিউজ ডেস্ক: চট্টগ্রাম সিটি করপোরেশনের ষষ্ঠ নির্বাচিত পরিষদের মেয়র রেজাউল করিম চৌধুরীর নেতৃত্বাধীন প্রথম সভা বসতে যাচ্ছে আগামী ২৩ ফেব্রুয়ারি। তিনি আনুষ্ঠানিক দায়িত্ব নেওয়ার পরের দিন পূর্ণাঙ্গ অফিসকালীন সময়ে গুরুত্বপূর্ণ এ সিদ্ধান্তপত্রে স্বাক্ষর করেন। নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠেয় সাধারণ সভায় সভাপতিত্ব করবেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী।
স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) অ্যাক্ট ২০০৯ অনুযায়ী, মেয়র ও কাউন্সিলরগণের শপথ গ্রহণের ৩০ দিনের মধ্যে প্রথম সাধারণ সভা করার বাধ্যবাধকতা রয়েছে। উক্ত অ্যাক্টের ৪৯-এর ১ নং উপধারায় বলা হয়েছে, ‘মেয়র ও অন্যান্য কাউন্সিলরগণের শপথ গ্রহণের ত্রিশ দিনের মধ্যে অথবা কর্পোরেশন পুনর্গঠনের ক্ষেত্রে বিদ্যমান কর্পোরেশনের মেয়াদ উত্তীর্ণের ত্রিশ দিনের মধ্যে কর্পোরেশনের প্রথম সভা করতে হবে’। প্রথম সাধারণ সভা থেকেই নির্বাচিত পর্ষদের মেয়াদ ধরা হয়। তাই সভাটি অধিক গুরুত্বপূর্ণ। আইন অনুযায়ী, পরবর্তী তথা সপ্তম পর্ষদের নির্বাচন ষষ্ঠ পর্ষদের প্রথম সাধারণ সভার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে করতে হবে।
চসিকের প্রধান নির্বাহী কাজী মুজাম্মেল হক স্বাক্ষরিত সভার নোটিশে বলা হয়েছে, সাধারণ সভায় ১০০ দিনের কর্মসূচি বাস্তবায়ন, সমন্বিত উন্নয়ন কর্মসূচি গ্রহণ সংক্রান্ত ধারণা প্রদান, স্থায়ী কমিটি গঠন সংক্রান্ত প্রাথমিক আলোচনা এবং পরিষ্কার-পরিচ্ছন্ন ও মশক নিধন কার্যক্রম বিষয়ে আলোচনা হবে।
গত ২৭ জানুয়ারি চসিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এতে ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন রেজাউল করিম চৌধুরী। ১১ ফেব্রুয়ারি তিনি শপথ নেন। ওই হিসেবে শপথের ১২তম দিনে প্রথম সাধারণ সভা হতে যাচ্ছে।
প্রসঙ্গত, আ.জ.ম নাছির উদ্দীনের নেতৃত্বাধীন পঞ্চম পর্ষদের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছিল ২০১৫ সালের ৫ আগস্ট। ২০২০ সালের ১১ মার্চ পর্ষদটির সর্বশেষ সাধারণ সভা হয়েছিল। মোহাম্মদ মনজুর আলমের নেতৃত্বাধীন চতুর্থ পর্ষদের প্রথম সাধারণ সভা হয়েছিল ২০১০ সালের ২৫ জুলাই।
সিটি নিউজ/জিএস
