নূর হোসেনকে ফেরতের সিদ্ধান্ত হতে পারে আজ

0

সিটিনিউজবিডি : নারায়ণগঞ্জের সাত খুন মামলার আসামি নূর হোসেনকে ফেরত পাঠানোর ব্যাপারে আজ শুক্রবার সিদ্ধান্ত হতে পারে। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের মুখ্য বিচারিক হাকিমের আদালতে এ ব্যাপারে শুনানি হওয়ার কথা রয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নূর হোসেনের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করে তাকে নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে।

বারাসাত আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বিকাশ রঞ্জন দে বলেন, ভারতীয় ফৌজদারি কার্যবিধির ৩২১ ধারায় রাষ্ট্রপক্ষ আদালতে আবেদন জানিয়েছে। ওই ধারায় বলা হয়েছে, সরকার ইচ্ছা করলে যেকোনো মামলা প্রত্যাহার বা আসামিকে ওই মামলার দায় থেকে অব্যাহতি দিতে পারে। তিনি মনে করেন, এ দিনই নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দেবেন আদালত।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, নূর হোসেনকে ভারত থেকে আনার ব্যাপারে সব ধরনের আইনগত জটিলতা শেষ হয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি এখন সময়ের ব্যাপার মাত্র।

গত ২১ সেপ্টেম্বর এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও মুখ্য বিচারকের অনুপস্থিতিতে সেই মামলার শুনানির জন্য আজ দিন ধার্য আছে।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করে হত্যা করা হয়। এ ঘটনায় করা দুটি মামলার প্রধান আসামি কাউন্সিলর নূর হোসেন ঘটনার পরপরই ভারতে পালিয়ে যান। এরপর কলকাতা শহরের অদূরে বাগুইহাটি নামের একটি আবাসনে আশ্রয় নেন। সেখান থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। অবৈধভাবে ভারতে অবস্থানের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মুখ্য বিচারিক হাকিমের আদালতে সেই মামলা চলছে।

বারাসাত পুলিশ জানায়, গত ১৮ আগস্ট এ মামলায় নূর হোসেনসহ তার সঙ্গে গ্রেপ্তার হওয়া আরও দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। আদালত অভিযোগ গঠন করে বিচার শুরু করে। এরপর বাংলাদেশ সরকার নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠাতে অনুরোধ করে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.