ব্যাংকে ঢুকে বোমার ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা, যুবক আটক

0

সিটি নিউজঃ চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় একটি ব্যাংকে প্রবেশ করে বোমার ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টাকালে তারেকুল ইসলাম (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তারেকুল ইসলাম কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা।

আজ বুধবার (৩১ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে নগরীর ইপিজেড এলাকায় ট্রাস্ট ব্যাংকের একটি শাখা থেকে তারিকুলকে আটক করা হয়।

এর আগে বিকাল ৩টার দিকে ওই যুবক ব্যাংকে ঢুকে। প্রায় এক ঘণ্টা অবস্থান করার পর তিনি ব্যাংকের কর্মকর্তাদের বোমার ভয় দেখান। ব্যাংক থেকে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ সাড়ে ৫টার দিকে ব্যাংক এলাকা ঘিরে ফেলে।

সিএমপির বন্দর জোনের এডিসি অলক বিশ্বাস জানান, ‘চকরিয়ার বাসিন্দা তারিকুল ইসলাম বন্দর টিলা ট্রাস্ট ব্যাংকে প্রবেশ করে নিজের কাছে বোমা আছে বলে ভয় ভীতি ছড়ায়। পরে ব্যাংক থেকে টাকা দাবি করে। খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে তাকে আটক করি। বোমা সদৃশ্য একটি পারফিউমের বোতল নিয়ে সেটাকে বোমা বলে সে আতঙ্ক ছড়িয়ে টাকা আদায় করতে চেয়েছিল।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ইপিজেড থানা পুলিশ।

এদিকে ব্যাংকে বোমা হামলা হবে সন্দেহে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।  এখবরে ব্যাংকে আগত গ্রাহক ও স্টাফরা জিম্মি হয়ে পড়ে কিছুক্ষণের জন্য। খবর পেয়ে স্থানীয়রাসহ পুলিশ পুরো ভবন ঘিরে রাখে। সিএমপির বোমা ডিসপোজাল ইউনিটসহ সোয়াত সদস্যরা অভিযানে নামে। এসময় র‌্যাব সদস্যরাও সেখানে উপস্থিত হয়।

সিটি নিউজ/ডিটি

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.