‘সংখ্যাগুরু-সংখ্যালঘু তত্ত্বে বিশ্বাস করি না, আমরা সবাই বাংলাদেশী’

0

সিটিনিউজবিডি : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। যে কোনো ধরনের অশুভ তৎপরতা সম্পর্কে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সজাগ থাকতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ দেশের প্রতিটি মানুষের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সংখ্যাগুরু-সংখ্যালঘু তত্ত্বে বিশ্বাস করি না। আমরা সবাই বাংলাদেশী-এটাই হোক আমাদের বড় পরিচয়।’

শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে গণমাধ্যমে দেওয়া এক বাণীতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এ সব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন বলেন, ‘যে কোনো ধর্মীয় উৎসবই মানুষে মানুষে নিবিড় বন্ধন রচনা করে ও ভ্রাতৃত্ববোধকে জাগরিত করে। সকল ধর্মের মর্মবাণী শান্তি ও মানবকল্যাণ। হিংসা-বিদ্বেষ, রক্তারক্তি পরিহার করে সমাজে শান্তি ও সাম্য প্রতিষ্ঠায় ব্রতী হওয়া মানুষ হিসেবে আমাদের সকলের কর্তব্য। দুর্গাপূজার অন্তর্নিহিত বাণীই হচ্ছে হিংসা, লোভ ও ক্রোধরূপী ওসুরকে বিনাশ করে সমাজে স্বর্গীয় শান্তি প্রতিষ্ঠা করা। যেখানে ন্যায় ও সুবিচার নিশ্চিত হবে।’

তিনি বলেন, ‘শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে আমি হিন্দু ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তাদের সুখ শান্তি ও কল্যাণ কামনা করি।’
খালেদা জিয়া বলেন, ‘আবহমান কাল ধরে শারদীয় দুর্গাপূজা বাংলাদেশসহ উপমহাদেশের অন্যান্য বাংলাভাষী জনগোষ্ঠীর হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ ধর্মীয় উৎসবটি সাড়ম্বরে পালিত হয় বাংলাদেশেও।’আমি শারদীয় দুর্গোৎসবের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।

এদিকে দুর্গাপূজা উপলক্ষে গণমাধ্যমে দেওয়া অপর এক বাণীতে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.