১ নভেম্বর থেকে ‘সিম নিবন্ধন’

0

ঢাকা অফিস : বায়োমেট্রিক পদ্ধতিতে (আঙুলের ছাপ) সিমকার্ড নিবন্ধন শুরু হলো বাংলাদেশে। বুধবার (২১অক্টোবর) সকালে পরীক্ষামূলক এ কার্যক্রমের উদ্বোধন করেন টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে কার্যক্রমের উদ্বোধনকালে রাষ্ট্রয়ত্ত কোম্পানি টেলিটকের একটি সিম জয়ের নামে নিবন্ধন করা হয়। এ সময় তিনি আঙ্গুলের ছাপ দিলে টেলিটকের সার্ভারে স্বয়ংক্রিয়ভাবে তার জাতীয় পরিচয়পত্রের তথ্য আসে এবং সেটি দেখে কর্মকর্তারা তার নামে সিম নিবন্ধন করেন। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, মন্ত্রণালয়ের সচিব ফয়জুর রহমান চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

আগামী ১ নভেম্বর থেকে পরীক্ষামূলকভাবে গ্রাহকরা মোবাইল অপারেটরগুলোর কাস্টমার কেয়ার সেন্টার থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করতে পারবেন। বায়োমেট্রিক পদ্ধতির বাধ্যতামূলক প্রয়োগ শুরু হবে আগামী ১৬ ডিসেম্বর থেকে। পরীক্ষামূলক এ কার্যক্রম উদ্বোধনের পর জয় বলেন, আমি গর্বিত বোধ করছি। দেশের জন্য কিছু করার ইচ্ছা আমার ছিল। তাই ডিজিটাল বাংলাদেশ গঠনে বুদ্ধি ও পরামর্শ দিয়েছি। আর বাস্তবায়ন করেছেন আপনারা (কর্মকর্তারা)। বায়োমেট্রিক পদ্ধতিতে বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশ। এ জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। বাংলাদেশ যেভাবে তথ্য প্রযুক্তির ধারায় এগিয়ে যাচ্ছে সেভাবে এগিয়ে গেলে অনেক দেশের জন্যই অনুকরণীয় হবে।

এর আগে সজীব ওয়াজেদ জয় মন্ত্রণালয়ে পৌঁছালে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম তাকে স্বাগত জানান। পরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, নিয়ন্ত্রক সংস্থা ও বিভিন্ন সরকারি কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ সময় বলেন, সিম নিবন্ধনে নতুন অধ্যায়ের সূচনা হলো। মাননীয় তথ্য-প্রযুক্তি উপদেষ্টাকে ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের সঙ্গে মিল রেখে নম্বর দেওয়া হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.