বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রে জনপ্রিয় এক নাম রিয়াজ আহমেদ। হুমায়ূন আহমেদের ‘দুই দুয়ারী’, এসএ হক অলিকের ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ ও ‘হৃদয়ের কথা’, মতিউর রহমান পানুর ‘মনের মাঝে তুমি’, সুচন্দার ‘হাজার বছর ধরে’, তৌকীর আহমেদের ‘দারুচিনি দ্বীপ’ ও গাজী মাহবুবের ‘প্রেমের তাজমহল’সহ অসংখ্য জনপ্রিয় ও প্রশংসিত সিনেমার নায়ক তিনি।
আজ সোমবার (২৬ অক্টোবর) রিয়াজের জন্মদিন।
এ উপলক্ষে রিয়াজের ফেসবুক ওয়ালে বয়ে যাচ্ছে শুভেচ্ছা বার্তার বন্যা। নবীন-প্রবীণ নির্মাতা, অভিনেতা্, অভিনেত্রী ও ভক্তরা শুভেচ্ছা জানাচ্ছেন প্রিয় নায়ককে। সিটিনিউজবিডির পক্ষ থেকেও তাকে জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন ‘শ্যামল ছায়া’র নায়ক রিয়াজ।
মাঝে বেশ কিছু বছর বড়পর্দা থেকে স্বেচ্ছা নির্বাসনে ছিলেন রিয়াজ। ওয়াজেদ আলী সুমনের ‘সুইট হার্ট’ দিয়ে আবারও নিয়মিত হলেন। সম্প্রতি শুটিং শুরু করেছেন মেহের আফরোজ শাওনের ‘কৃষ্ণপক্ষ’র। ওই সিনেমার সেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন এ্যাপোলো হাসপাতালে ভর্তি ছিলেন রিয়াজ।
হৃদপিণ্ডে চারটা ব্লক ধরা পড়লে রিং পরানো হয়। শনিবার (২৪ অক্টোবর) তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। চিকিৎসক ডা. সাহাবুদ্দীনের দেওয়া তথ্য অনুযায়ী, কমপক্ষে দুই মাস বিশ্রামে থাকতে হবে রিয়াজকে। তাই নিজের বাড়িতে বিশ্রামের মধ্যেই কাটছে জন্মদিনটি। থাকছে না বড় কোনো আয়োজন।
১৯৭২ সালে ফরিদপুর জেলা সদরের কমলাপুর মহল্লায় রিয়াজের জন্ম। তার ছেলেবেলা কেটেছে ফরিদপুর শহরের সিএনবি স্টাফ কোয়ার্টার্সের চৌহদ্দিতে। বাবা জাইনুদ্দিন আহমেদ সিদ্দিক ছিলেন সরকারি কর্মকর্তা, মা আরজুমান্দ আরা বেগম গৃহিণী। ৭ ভাই-বোনের মধ্যে রিয়াজ সবার ছোট। এ ছাড়া জনপ্রিয় অভিনেত্রী ববিতা তার আত্মীয়।
১৯৯৫ সালে মুক্তি পায় রিয়াজ অভিনীত প্রথম চলচ্চিত্র ‘বাংলার নায়ক’। পরের বছর খ্যাতনামা চলচ্চিত্রকার দিলীপ বিশ্বাসের ‘অজান্তে’ ও মোহাম্মদ হোসেনের ‘প্রিয়জন’-এ অভিনয় করেন। ‘প্রিয়জন’ই একমাত্র চলচ্চিত্র যাতে রিয়াজ অকাল প্রয়াত সালমান শাহর সঙ্গে অভিনয় করেছেন। শাবনূর ও পূর্ণিমার সঙ্গে জুটি বেঁধে সাফল্য পেয়েছেন রিয়াজ। শাবনূরের সঙ্গে অভিনয় করা উল্লেখযোগ্য সিনেমা হল— ‘মন মানে না’, ‘ভালোবাসি তোমাকে’, ‘প্রেমের তাজমহল’, ‘ও প্রিয়া তুমি কোথায়’, ‘হৃদয়ের বন্ধন’ ও ‘মোল্লা বাড়ীর বউ’। তারা ৪০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। রিয়াজ-শাবনূর জুটির সর্বশেষ চলচ্চিত্র ‘শিরি ফরহাদ’ মুক্তি পায় ২০১৩ সালের ২২ মার্চ।
