সিটিনিউজবিডি: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘সরকার মানুষের জান-মালের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হচ্ছে। প্রকাশক হত্যা তার সর্বশেষ উদাহরণ।’
প্রকাশক হত্যাকা-ের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাবেক রাষ্ট্রপতি রোববার এক বিবৃতিতে এ কথা বলেন।
ব্লগার-প্রকাশকসহ সব হত্যাকা-ে জড়িতদের গ্রেফতার ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
প্রকাশক হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এরশাদ বলেন, ‘দেশে খুনের ঘটনা বেড়েই চলছে। রাজধানীর প্রাণকেন্দ্র শাহাবাগ আজিজ সুপার মার্কেটে একজন প্রকাশককে দিবালোকে হত্যা করা হয়েছে। এখন দেখা যাচ্ছে খুনিরা নিরাপদ। সাধারণ মানুষ আতঙ্কগ্রস্থ, জনমনে বিরাজ করছে ভীতি আর নিরাপত্তাহীনতা।’
বিবৃতিতে তিনি আরো বলেন, ‘সরকার যেনো অসহায় হয়ে পড়েছে। নিহতের স্বজনরা বলছেন- ‘আমরা কোনো বিচার চাইনা।’ বিচার ব্যবস্থার ওপর মানুষ কতখানি আস্থা হারালে একজন ছেলে হারা বাবা এমন কথা বলতে পারেন। নিরাপরাধ শিশু, বিদেশি নাগরিক, রাজনৈতিক নেতা-কর্মী, সাধারণ মানুষ সবাই খুনিদের লক্ষ্য বস্তুতে পরিণত হচ্ছে। কোনো খুনি ধরা পড়ছেনা। খুনির বিচার হচ্ছেনা বলেই হত্যা-খুনের ঘটনা বেড়েই চলছে।’
