পাকিস্তানের লাহোরে ভবন ধস, নিহত ১৮

0

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের লাহোর শহরের কাছে একটি চার তলা কারখানা ভবন ধসে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। ভবন ধসের এ ঘটনায় আহত আরও ৯৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এরমধ্যে অন্তত ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে অন্তত ১৫০ জন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের প্রায় সবাই কারখানাটির শ্রমিক।

বুধবার বিকেলে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহরটির কাছে ওই ভবন ধসের ঘটনা ঘটে। ‘সুন্দর ইন্ডাস্ট্রিয়াল এস্টেট’ এর মালিকানাধীন ‘রাজপুত পলিস্টার পলিথিন ব্যাগ’ নামের ওই কারখানটি লাহোর থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

লাহোরের প্রধান প্রশাসনিক কর্মকর্তা উসমান ১৬ জনের লাশ উদ্ধারের খবর নিশ্চিত করেছেন। তবে পরে বেসরকারি সংস্থা ঈদির কর্মকর্তাদের বরাত দিয়ে পাকিস্তানের ‘দ্য ডন’ অনলাইন ১৮ জনের লাশ হাসপাতালে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছে।

ধ্বংসস্তুপের ভেতর থেকে আতঙ্কিত লোকজন সাহায্যের জন্য আর্তনাদ করছেন বলে জানিয়েছে দ্য ডন অনলাইন। লাহোরের সব হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত হতাহতের প্রকৃত সংখ্যা সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন উদ্ধারকারী কর্মকর্তারা।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন, দুই সপ্তাহ আগের ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কারখানাটি ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। তিনি বলেন, ‘ভূমিকম্পে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে জেনেছি। তবে শ্রমিকরা বলছেন এর পরও ভবনটির মালিক সেটির নির্মাণ কাজ অব্যহত রাখেন।’

আহত শ্রমিকরা জানিয়েছেন, ‘ভবনটি চারতলা পর্যন্ত নির্মাণের অনুমোদন ছিল না। তবে কারখানার মালিক নিয়ম না মেনেই বুধবার সকালে কাজ শুরু করেন। ধ্বংসস্তূপের মধ্যে কারকানাটির মালিকও আটকা পড়েছেন বলে জানা গেছে।’

বিল্ডিং কোড না মেনে নির্মানের কারণে পাকিস্তানে প্রায়ই ভবন ধসের ঘটনা ঘটে থাকে। গত বছর লাহোরের একটি মসজিদ ধসের ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছিলেন। এছাড়া ২০১৪ সালের বন্যার সময় আরেকটি ভবনের ছাদ ধসে আরও ২০০ জন নিহত হন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.