বিনোদন ডেস্ক :: অস্কারজয়ী হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স ‘কোল্ড প্লে’ খ্যাত তারকা ক্রিস মার্টিনের প্রেমে পড়েছেন। বর্তমানে তারা একই ছাদের তলায় একসঙ্গে বসবাস করছেন।
বেশ কিছুদিন ধরে তারা চুটিয়ে প্রেম করছেন। প্রেম করা নিয়ে কোনো সমস্যা নেই জেনিফার লরেন্সের। তিনি বিয়ে নিয়ে সমস্যায় পড়েছেন। বিয়ে নিয়ে ভীষণ চিন্তায় রয়েছেন এই ‘হাঙ্গার গেম’ তারকা।
ক্রিস মার্টিনকে তো দূরের কথা জেনিফার আদৌ বিয়ে করবেন কি না-সে বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেননি।
সম্প্রতি জেনিফার লরেন্স জানিয়েছেন, তিনি জানেন না; আদৌ তিনি কোনো দিন বিয়ে করবেন কি না। তবে এখন যেরকম আছেন তাতেই ভালো রয়েছেন তিনি।
মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স ১৯৯০ সালের ১৫ আগস্ট জন্ম গ্রহণ করেন। মাত্র ২২ বছর বয়সে রোমান্টিক কমেডি ‘সিলভার লাইনিংস প্লেবুক’ দিয়ে সিনেজগতে তার অভিষেক ঘটে। এ ছবিতে অভিনয়ের সুবাদে দর্শকপ্রিয়তার পাশাপাশি ৭০তম গোল্ডেন গ্লোবের আসরে জেনিফার লরেন্স কমেডি ও মিউজিক্যালে সেরা অভিনেত্রীর ক্যাটাগরিতে পুরস্কার জেতেন। পাশাপাশি অস্কারের ৮৫তম আসরে ‘সিলভার লাইনিংস প্লেবুক’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কারও জেতেন মার্কিন এই অভিনেত্রী।
ফোর্বসের তালিকা অনুযায়ী ২০১৫ সালের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী জেনিফার লরেন্স।
