সিটিনিউজবিডি : আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদনের রায়ের দিন বুধবার ধার্য করার পর জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আপিল শুনানি শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টা ৫ মিনিটে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়। আদালতে নিজামীর পক্ষে পেপারবুক পাঠ করছেন আইনজীবী এস এম শাহজাহান। রাষ্ট্রপক্ষে অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম উপস্থিত আছেন।
এর আগে গত ৯ সেপ্টেম্বর প্রথম দিনের আপিল শুনানি শেষে মূলতবি করেছিলেন সুপ্রিম কোর্ট। প্রথম দিনে আদালতে রাষ্ট্রপক্ষে ট্রাইব্যুনালের রায়ের অংশ পাঠ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে নিজামীর পক্ষে ১ নম্বর অভিযোগের তিনজন সাক্ষীর জবানবন্দি আদালতে পড়ে শোনান অ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদীন তুহিন।
২০১৪ সালের ২৯ অক্টোবর বিচারপতি এম. ইনায়েতুর রহিম নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মতিউর রহমান নিজামীকে ফাঁসির দণ্ড দেন।
রায়ে ১৬টি অভিযোগের মধ্যে আটটি অভিযোগ প্রমাণিত হয়। এর মধ্যে ২, ৪, ৬ ও ১৬ নম্বর অভিযোগে বুদ্ধিজীবী গণহত্যা, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, সম্পত্তি ধ্বংস, দেশত্যাগে বাধ্য করার অপরাধে রায়ে নিজামীর ফাঁসির দণ্ড দেওয়া হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর দেওয়া এ রায়ের বিরুদ্ধে একই বছরের ২৩ নভেম্বর সুপ্রিম কোর্টে আপিল করেন জামায়াতের আমির মতিউর রহমান নিজামী। ৬ হাজার ২৫২ পৃষ্ঠার আপিলে ফাঁসির আদেশ বাতিল করে খালাস চেয়েছেন নিজামী। মোট ১৬৮টি কারণ দেখিয়ে এ আপিল করা হয়।
