চট্টগ্রাম অফিস : নগরীর শাহ আমানত সেতু এলাকায় কর্ণফুলী নদীতে দু’টি কাঠের নৌকা থেকে এক মেট্রিকটন চোলাই মদ উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ড পূর্ব জোনের অভিযানে এসব মদ উদ্ধার হয়েছে।
গত বুধবার (২৫ নভেম্বর) গভীর রাত দেড়টার দিকে কর্ণফুলী নদীতে টহলের সময় নৌকা দুইটি দেখে কোস্টগার্ডের টিমের সদস্যদের সন্দেহ হয়।
এসময় কোস্টগার্ড সদস্যরা নৌকা দুইটিকে থামানোর সংকেত দিলে সেখানে থাকা মাঝিমাল্লারা নৌকা ফেলে তীরে উঠে পালিয়ে যায়। কোস্টগার্ড সদস্যরা সেখানে তল্লাশি চালিয়ে সাদা রংয়ের ছোট পলিথিনে মুড়ানো এক মেট্রিকটন মদ উদ্ধার করে।
কোস্টগার্ড পূর্ব জোনের অপারেশন অফিসার লে.কমান্ডার এম মুহিনুজ্জামান বিষয়টি জানিয়েছেন।
কোস্টগার্ড সূত্র জানিয়েছে, চোলাই মদগুলো পার্বত্য এলাকা থেকে নদীপথে এনে শহরে নিয়ে যাওয়া হচ্ছিল। শহরে সেগুলো ভাসমান বিক্রেতাদের কাছে পৌঁছানোর কথা ছিল।
