স্পোর্টস ডেস্ক :: টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের সেমিফাইনালে জিম্বাবুয়েকে ৩১ রানে হারিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা।
ব্যাংককে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে কোয়ার্টারে পাপুয়া নিউগিনির বিপক্ষে ৪১ রানের দাপুটে জয় পেয়ে সেমিতে ওঠে বাংলাদেশ। নিজেদের গ্রুপে শতভাগ জয়ের রেকর্ড রেখেই সেমিফাইনালে খেলতে নামে বাংলাদেশের মেয়েরা। বাছাইপর্বের ফাইনালে ওঠা দুটো দল আগামী বছর ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্তপর্বে খেলার সুযোগ পাবে।
ফাইনালে অপরাজিত বাংলাদেশ আয়ারল্যান্ড অথবা স্কটল্যান্ডের মুখোমুখি হবে। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারতে, ১১ মার্চ থেকে ৩ এপ্রিল।আজ টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে জাহানারারা সংগ্রহ করে ৮৯ রান। সর্বোচ্চ রান আসে ফারজানা হকের ব্যাট থেকে, ৪৩। দ্বিতীয় সর্বোচ্চ শারমিন আক্তারের, ২২।
৯০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ের মেয়েরা। ১৯.১ ওভারে ৫৮ রানে অলআউট হয়ে যায় তারা। রুমানা আহমেদ একাই নিয়েছেন চার উইকেট। চার ওভারে রান দিয়েছেন মাত্র ৮। দুটি করে উইকেট ফাহিমা খাতুন এবং শায়লা শারমিনের। দুইজনকে স্ট্যাম্পিং করেছেন নিগার সুলতানা। আর দুইজন পড়েন রান আউটের ফাঁদে।
