সিটিনিউজবিডি :: মানিকগঞ্জের সিঙ্গাইর পৌরসভা নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ আগামী ২১ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।
এই আদেশের ফলে সিঙ্গাইর পৌর নির্বাচন হতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।সোমবার রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই আদেশ দেন। আদালতের শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহের হোসেন সাজু।
এর আগে গত ২ ডিসেম্বর এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে সিঙ্গাইর পৌরসভা নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেন বিচারপতি জিনাত আরা ও বিচারপতি একেএম শহিদুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ। ওই পৌরসভায় নতুন করে কেন ভোটার তালিকা করা হবে না- তা জানতে চেয়ে রুলও জারি করেন আদালত।
ত্রুটিপূর্ণ ভোটার তালিকার অভিযোগ এনে রিটটি দায়ের করেন সিঙ্গাইর পৌরসভার ভোটার মো. মোস্তাক আহম্মেদ ভূঁইয়া। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ বি এম গোলাম মোস্তফা তাজ। পরে হাইকোর্টের আদেশ বাতিল চেয়ে আপিল করেন রাষ্ট্রপক্ষ।
