অবশেষে বরিশালের গেইল-ঝড়

0

স্পোর্টস ডেস্ক : পুরো টুর্নামেন্ট হারের ব্যর্থতার আবর্তে ঘুরতে থাকা চিটাগং ভাইকিংসের বিপিএল অধ্যায় শেষ হলো চরম হতাশাদায়ক পারফরম্যান্সে। তাদের দুর্দশা আরো বাড়িয়ে দিয়েছেন বরিশাল বুলসের ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল। তার ৪৭ বলে খেলা ৯২ রানের ইনিংসে ৮ উইকেটে বড় হারে শেষ হয় চিটাগংয়ের এবারের টুর্নামেন্ট।

মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে বরিশালকে ১৩৬ রানের লক্ষ্য দেয় চিটাগং ভাইকিংস। জবাবে ব্যাট করতে নেমে দ্রুতই রনি তালুকদার ও মেহেদী মারুফের উইকেট হারায় বরিশাল। তবে একপ্রান্তে দাঁড়িয়ে তাণ্ডব অব্যাহত রাখেন ক্রিস গেইল। তৃতীয় উইকেটে ১১০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে জয় নিশ্চিত করেন গেইল। জয়ের সাক্ষী হিসেবে ২৫ বলে ১৯ রান করে অপর প্রান্তে দাঁড়িয়ে থাকেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ছয়টি চার ও নয়টি বিশাল ছয়ের মারে সাঁজানো ছিলো গেইলের এই দানবীয় ইনিংসটি। ৫ ওভার আর ৮ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে বরিশাল বুলস।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা চিটাগংয়ের শুরুটা হয় দারুণ। উদ্বোধনী জুটিতে ৫.৫ ওভারে ৫২ রান তোলেন আনামুল হক বিজয় ও এ ম্যাচে অধিনায়কত্ব পাওয়া তিলকরত্নে দিলশান। তবে দলের এই শক্ত ভিতটাকে কাজে লাগাতে পারেনি দলের মিডল অর্ডাররা। দিলশান ও বিজয় করেন সমান ২৮ রান করে। এরপর উমর আকমলের ২৫ ও আসিফ আহমেদের ১৭ রানের কল্যাণে শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৩৫ রানে শেষ হয় চিটাগংয়ের ইনিংস। বরিশালের কেভন কুপার ও মোহাম্মদ সামি নেন ২টি করে উইকেট।

নয় ম্যাচে ছয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানেই আছে বরিশাল বুলস। সবার উপরে থাকা রংপুরের পয়েন্ট ১৪। আর বরিশালের সমান ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মাশরাফি বিন মুর্তজার কুমিল্লা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.