‘পরিবার,সমাজ ও দেশকে আলোকিত করতে শিক্ষার্থীদের সুশিক্ষায় আলোকিত হতে হবে’

0

নিজস্ব প্রতিবেদক :: পরিবার, সমাজ ও দেশকে আলোকিত করতে শিক্ষার্থীদের সুশিক্ষায় আলোকিত হতে হবে। গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ডের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব এর উদ্দ্যোগে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন একথা বলেন।

৯ ডিসেম্বর ২০১৫খ্রি. বুধবার, ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ডের স্থানীয় জে এম সে স্কুল ও কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২০১৫খ্রি. এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থী সহ জিপিএ প্রাপ্ত মোট ১৫৬ জন কৃতি ছাত্র-ছাত্রীকে এ সংবর্ধনা দেওয়া হয়। নান্দনিক পরিবেশে শীতের সন্ধ্যার এ আয়োজনটি ছিল অনুসরণীয় ও অনুরকরনীয় দৃষ্টান্ত।

এতে প্রধান আলোচক ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চট্টগ্রাম প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের ব্যুারোচীফ মহসিন চৌধুরী, ৩৪নং ওয়ার্ড কাউন্সিলর ইসমাঈল বালি, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও ফিরিঙ্গী বাজার ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রফিকুল হোসেন বাবু, আইন কলেজের সাবেক অধ্যক্ষ ছালেহ আহমদ ছিদ্দিক, মহল্লা সর্দ্দার ও সমাজসেবক শাহাদাত হোসেন, সমাজ সেবক আবদুল হালিম দোভাষ। দিলরুবা খানমের উপস্থাপনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অভিভাবক নুরউদ্দিন চৌধুরী বাবুল, নুর নাহার বেগম, ছাত্রলীগ নেতা অছিউর রহমান, হোসাইনুর রশিদ, সাফ্ফাত বিন আমিন, কৃতি শিক্ষার্থী তন্ময় দাশ ও শুভ বিশ্বাস। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন হাফেজ মো. মহিউদ্দিন। মঞ্চে সংগঠক ও সাবেক ছাত্রনেতা সাইফুদ্দিন আহমেদ ও ইয়াছির আরাফাত সহ সংগঠকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ক্রেস্ট, ফুল ও উপহার সামগ্রী দিয়ে বরন করা হয়। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের হাতে ক্রেস্ট, সনদ ও উপহার তুলে দেন প্রধান অতিথি সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।

মেয়র বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি জীবনের প্রতিটি ক্ষেত্রেও কৃতিত্বের স্বাক্ষর রাখতে হবে। পরিবার, সমাজ ও দেশকে আলোকিত করতে শিক্ষার্থীদের সুশিক্ষায় আলোকিত হতে হবে। নীতি-নৈতিকতায় সৎচরিত্রের অধিকারী হয়ে পিতা-মাতার প্রতি দায়িত্বশীল আচরন করতে হবে।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার। বিদ্যা, বুদ্ধি ও প্রযুক্তিতে সুনাগরিক গড়ার দায়িত্ব পালন করছে সরকার। তিনি দেশকে ভালবাসে, দেশের কল্যাণে নিবেদিত হতে কৃতি শিক্ষার্থীদের আহবান জানান।

অনুষ্ঠানের প্রধান আলোচক চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ শাহজাহান বলেন, ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে একটি মেলবন্ধন গড়ে তোলে শিক্ষার্থীদের মানুষের মত মানুষ করতে হবে। তিনি বলেন, গায়ের জোরে বিদ্যান হওয়া যায় না, ভাল মানুষ হওয়া যায় না, বিদ্যান হতে হলে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী বলেন, আলোকিত মানুষ ছাড়া বঙ্গবন্ধু ও সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব নয়।

সভাপতির বক্তব্যে কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব বলেন, ফিরিঙ্গী বাজার ওয়ার্ডকে একটি আলোকিত মানুষের পরিচ্ছন্ন ওয়ার্ড করার প্রয়াস চলছে। তিনি তাঁর প্রয়াসে সকলের সহযোগিতা কামনা করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.