আবারো গণপিটুনি, ৩ ডাকাতের মধ্যে একজনের মৃত্যু

0

সিটিনিউজবিডি :: দিনাজপুরে তৃপ্তি ফিলিং স্টেশনে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর গণপিটুনিতে আহত তিন ডাকাতের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

রাত সাড়ে ৩টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা (৪০) ওই ডাকাতের মৃত্যু হয়।জেলা বাস মালিক গ্রুপের সভাপতি ভবানী শংকর আগরআলার সদর উপজেলার নতুন ভূষিবন্দর তৃপ্তি ফিলিং স্টেশনে রাত ৯টার সময় এই ডাকাতির ঘটনা ঘটে।

পুলিশ রাতেই অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তিনটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও তিনটি মোটরসাইকেল এবং লুট হওয়া টাকা উদ্ধার করেছে। এ সময় আহত তিন ডাকাত ছাড়া আরও দুই ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

এই ঘটনায় তিনজন এলাকাবাসী ও তিনজন ডাকাত আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জন এলাকাবাসীর নাম জানা গেছে। এরা হলেন- সদর উপজেলা কালিকাপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে রাজু সরকার (২৮) ও বাবু মিয়ার ছেলে আনিসুর রহমান (২৭)।

পেট্রোল পাম্পের ম্যানেজার অমল রায় জানান, রাত ৯টার দিকে ছয়টি পালসার মোটরসাইকেলযোগে ১২-১৪ যুবক পাম্পে এসে পিস্তল ঠেকিয়ে সাড়ে তিন লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়নের চেয়ারম্যান আবুবক্কর সিদ্দিক জানান, ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ধাওয়া করলে ডাকাতরা রামডুবি মোড়ে ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে তিনজন গ্রামবাসী আহত হন। এ সময় ডাকাতদের ধাওয়া করে পাশের কালিকাপুর পাঠানপাড়া গ্রামে তিন ডাকাতকে এলাকাবাসী ধরে গণপিটুনি দেন। পরে পুলিশ এসে রাত ১১টার দিকে আহত ডাকাতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ডাকাতের পরিচয় এখনো পাওয়া যায়নি। তিনি জানান, তিনটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, তিনটি মোটরসাইকেল, লুট হওয়া টাকা এবং আরও দুই ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.