ন্যাশনাল ডেস্ক :: জেলার বুড়িগঙ্গা নদীর ডিক্রির চর এলাকায় একটি যাত্রীবোঝাই ট্রলারডুবি হয়েছে। শনিবার ভোরে এ ঘটনার সময় ট্রলারের পাঁচ যাত্রী নিখোঁজ রয়েছেন। ডুবুরি দল নিখোঁজ যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, নিখোঁজ যাত্রীরা হলেন- ইমন খান, মৌসুমি, সেলিম, আব্দুল কাদের ও সেলিম ওস্তাদ।
নারায়ণগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক জানান, ভোর ৬টার দিকে ডিক্রির চর এলাকায় আলির টেক গুদারাঘাট পারাপারের সময় ট্রলারটি ডুবে যায়।
তিনি জানান, ট্রলারটিতে ২৫ থেকে ৩০ জন যাত্রী ছিল। ট্রলারডুবিতে পাঁচজন যাত্রী নিখোঁজ হন। তাদের উদ্ধারে ঢাকা ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ৮ জন ডুবুরি চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
নিখোঁজ যাত্রী আব্দুল কাদেরের বোন রাশেদা বেগম জানান, ট্রলারের যাত্রীরা বক্তাবলী রাধানগর ল্যাংটার মেলা থেকে ফিরছিলেন।
এ বিভাগের আরও খবর
