ঘরের মাঠে হারল ম্যানইউ

0

স্পোর্টস ডেস্ক :: ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে ঘরের মাঠ ওল্ডট্রাফোর্ডে আবারো হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড।শনিবার রাতে পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা নরউইচ সিটির কাছে ২-১ গোলে পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে ওয়েন রুনিরা।

এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ছয় ম্যাচে জয়শূন্য থাকল ম্যানইউ। এর মধ্যে শেষ তিনটিতেই হার। বাজে সময় যেন কাটছেই না লুইন ফন গাল শিবিরের।

ঘরের মাঠ ওল্ডট্রাফোর্ডে ম্যাচের ৩৮ মিনিটেই পিছিয়ে পড়ে ম্যানইউ। নরউইচের হয়ে লিড এনে দেন ক্যামেরন জেরোমে। ডান দিক থেকে বল পায়ে কিছুটা কোনাকুনি দৌড়ে ডি-বক্সে ঢুকে জোরালো শটে গোলটি করেন এই ইংলিশ ফরোয়ার্ড (১-০)।

দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নরউইচ। মাঝ মাঠে রুনি নিয়ন্ত্রণ হারালে বল পেয়ে যায় সফরকারীরা। দুই সতীর্থের পা ঘুরে বল পাওয়া আলেকসান্দের তেত্তি কিছুটা দৌড়ে ডি-বক্সে ঢুকেই ডান পায়ের জোরালো নিচু শটে লক্ষ্যভেদ করেন। স্কোর তখন ২-০।

দুই গোল হজম করা ম্যানইউ তখন আহত বাঘ। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছিল না। তবে ৬৬ মিনিটে ব্যবধান কমিয়ে লড়াইয়ের আভাস দেয় ফন গালের শিষ্যরা। ডি-বক্সে জটলার মধ্যে বল পেয়ে সামনে থাকা এক জনের বাধা এড়িয়ে ডান পায়ের শটে গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড মার্সিয়াল (২-১)।

ম্যাচের বাকি সময়টাতে গোল শোধের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ম্যানইউ।ফলে প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় এবং সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তৃতীয় হার নিয়ে মাঠ ছাড়ে তারা। এই হারে পঞ্চম স্থানে নেমে গেছে ম্যানইউ। তাদের পয়েন্ট ১৭ ম্যাচে ২৯।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.