স্পোর্টস ডেস্ক :: এএফসি অনূর্ধ্ব-১৪ রিজিওনাল চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। রোববার নেপালের রাজধানী কাঠমান্ডুর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচটি। বাংলাদেশের পক্ষে জয়সূচক একমাত্র গোল করেন মারিয়া।
চলতি বছর এপ্রিলে ফাইনাল ম্যাচটি হওয়ার কথা ছিল কাঠমান্ডুর রাজা দরশরথ স্টেডিয়ামে। তবে সেদিনই ৭.৮ মাত্রার ভয়াবহ ভুমিকম্পে কেঁপে ওঠেছিল পুরো নেপাল। ক্ষতিগ্রস্ত হয়েছিল নির্ধারিত ভেন্যু রাজা দশরথ স্টেডিয়ামে। হতাহত হয়েছিল কয়েক হাজার মানুষ। ভুমিকম্পের সেই ভয়াবহতার কারণে এএফসি ফাইনাল ম্যাচটি সাময়িকভাবে স্থগিত করে। পরে বাংলাদেশ থেকে ত্রাণ সামগ্রী পাঠানো নৌবাহিনীর বিশেষ বিমানে করে বাংলাদেশের কিশোরী ফুটবলাররা ঢাকায় ফিরে। স্থগিত ফাইনাল ম্যাচটি রোববার অনুষ্ঠিত হল।
বিশেষ কারণে বাংলাদেশের মেয়েদের এই দলটি বেশ আলোচিত। কারণ এই দলের ১০ খেলোয়াড়ই এক গ্রামের। ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রাম সেটি। কলসিন্দুর প্রাথমিক বিদ্যালয় থেকেই এই মেয়েরা প্রাথমিক শিক্ষা শেষ করে।
খেলার শুরু থেকেই নেপালের চেয়ে তুলনামূলক অনেক ভালো ফুটবল খেলতে থাকে বাংলাদেশের কিশোরীরা। সেই সুযোগে খেলার ১৪ মিনিটেই মারিয়ার গোলে এগিয়ে যায় লাল-সবুজের দল। ৩৪ মিনিটে সুযোগ পেয়েও ব্যবধান দ্বিগুণ করতে পারেনি বাংলাদেশ। অধিনায়ক কৃষ্ণা রানী সরকারের শট পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা অব্যাহত রাখে কৃষ্ণা-মারিয়ারা। ব্যবধান বাড়াতে দ্বিতীয়ার্ধের শুরুর ২৫ মিনিট আক্রমণের ধারা অব্যাহত রাখে বাংলাদেশ। তবে শেষ ১০ মিনিট লিড ধরে রাখতে তুলনামূলক রক্ষণাত্মক কৌশলে খেলে তারা।
খেলায় বাংলাদেশের জালে জোড়ালো কোনো শটই নিতে পারেনি নেপাল। অথচ দলটি এই টুর্নামেন্টে বর্তমান চ্যাম্পিয়ন। ফাইনাল ম্যাচ শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিতদের পুরস্কৃত করেন নেপালের প্রধানমন্ত্রী খাগড়া প্রসাদ শর্মা আলি। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশটির যুব ও ক্রীড়া মন্ত্রী সত্ত নারায়ান মন্ডল।
