বিনোদন ডেস্ক :: বলিউডে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন আনুশকা শর্মা। প্রথম ছবি ‘এনএইচটেন’ সাড়াও ফেলেছে দর্শকদের মধ্যে। তাঁর প্রথম অভিজ্ঞতা ছিল থ্রিলারধর্মী ছবি নিয়ে। তাই এবার সাহস করে দ্বিতীয় ছবিতে হাত দিলেন এই জনপ্রিয় বলিউড নায়িকা। সেকেন্ড ইনিংসে অবশ্য পুনারাবৃত্তি করতে চান না তিনি। তাই থ্রিলারের বদলে রোমান্টিক কমেডি ছবি প্রযোজনা করতে চলেছেন।
আনুশকা জানিয়েছেন, তিনজন নতুন পরিচালকের চিত্রনাট্য থেকে বাছাই চলছে। তবে পরিচালক আনসাই লালের চিত্রনাট্যই বেশি পছন্দ হয়েছে তাঁর। এ ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করবেন ভিকি ডোনার খ্যাত আয়ুষ্মান খুরানা। নায়ক ঠিকঠাক হলেও এখনও চূড়ান্ত হয়নি নায়িকা।
এ নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হলে, ‘এখনই কিছু বলতে চাই না’ বলে মন্তব্য করেছেন আনুশকা। ছবির নায়িকা নিয়ে রহস্য তৈরি করায় বিষয়টি নিয়ে চলছে নানা গুঞ্জন। কেউ কেউ বলছেন প্রযোজকের পাশাপাশি নায়িকা হিসেবে তাকেই দেখা যাবে। শুধু তাই নয়, নাম ঠিক না হওয়া এ ছবিটিতে আনুশকাকে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে বলেও ধারণা করা হচ্ছে।
