বিনোদন ডেস্ক :: জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘মান্না উৎসব ২০১৬ : ড্রিমস অব মান্না’। বাংলাদেশ শিশু একাডেমীর উন্মুক্ত মঞ্চে শুক্রবার সন্ধ্যায় এর আয়োজন করে মান্না ফাউন্ডেশন ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। ঢালিউড তারকাদের নাচ-গানে রঙিন হয়ে উঠেছিল এই উৎসব।
মান্না অভিনীত কয়েকটি চলচ্চিত্রের গানের সঙ্গে নেচেছেন এই সময়ের তারকারা।
এর মধ্যে ‘লাল বাদশা’ গানের অংশবিশেষের তালে নেচেছেন অমিত হাসান ও পপি। জায়েদ খান ও আইরিন নেচেছেন মান্নার প্রিয় ইংরেজি গান টম ক্রুজ অভিনীত ‘টপ গান’ (১৯৮৬) ছবির ‘টেক মাই ব্রেদ অ্যাওয়ে’র তালে। গানটি গেয়েছেন ‘ক্লোজআপ ওয়ান’ খ্যাত মেহরাব। ‘ঈশ্বর আল্লাহ বিধাতা জানে’ গানের সঙ্গে নেচেছেন সায়মন ও শিরিন শিলা।
ইমন ও আলিশা প্রধান নেচেছেন ‘এই হৃদয়ের সাদা কাগজে’ গানের সঙ্গে। আমিন খান নেচেছেন ‘আম্মাজান’ গানের তালে। কলকাতা থেকে অভিরূপ ও দেবলীনা পরিবেশন করেন উচ্চাঙ্গ নৃত্য। এরপর ‘লুটতরাজ’ ছবির ‘অনন্ত প্রেম তুমি দাও আমাকে’ গানের তালে নেচেছেন তারকা দম্পতি ওমর সানি-মৌসুমী।
উৎসবে গান গেয়েছেন কনা, মনির খান। মান্নার স্ত্রী শেলী মান্নার আত্মীয় কান্তা পেশায় বিমানবালা। তিনি শুনিয়েছেন ‘হাবিবি’ গানের সুরে বাংলা গান।
আয়োজনের মধ্যে আরও ছিল বুলবুল টুম্পার কোরিওগ্রাফিতে ফ্যাশন শো। তারকাদের পরিবেশনার আগে ছয় গুণী শিল্পীকে দেওয়া হয় মান্না স্মৃতিপদক। তারা হলেন- চাষী নজরুল ইসলাম (মরণোত্তর), রাজ্জাক, আনোয়ারা, শবনম, কাজী হায়াৎ ও সুচন্দা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উপস্থাপনা করছেন জনপ্রিয় দুই অভিনেতা রিয়াজ ও ফেরদৌস।
